২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যার চেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার সকালে একটি বাসায় ঢুকে এক গৃহবধূকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের আটক করে পিটুনি দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শনিবার সকালে একটি বাসায় ঢুকে এক গৃহবধূকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে সন্ত্রাসীদের আটক করে পিটুনি দেয়। গৃহবধূ শিল্পীকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনিতে আহত তিন সন্ত্রাসীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকনগরের ১৪১ নম্বর বাড়ির চার তলা ভবনের দোতলায় থাকতেন শিল্পী। শনিবার বেলা সাড়ে ১১ দিকে তিন জন সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে শিল্পীকে ছুরি দিয়ে জবাই করার চেষ্টা চালায়। ওই সময় শিল্পী চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। তবে জনতা তাদের ধরে ফেলে। ওসি জানান, স্থানীয় লোকজন শিল্পীকে হাসপাতালে নিয়ে যায়। আর তিন সন্ত্রাসীকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ত্রাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিন সন্ত্রাসী শিল্পীকে হত্যার উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল, না তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল তা এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার সময় শিল্পীর স্বামী মুদি ব্যবসায়ী মো. সেলিম বাসায় ছিলেন না। গৃহবধূ শিল্পী এবং সন্ত্রাসীরা আহত হওয়ায় তাদের কাছ থেকেও এ মুহূর্তে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে পুলিশ কর্মকর্তা আহসান হাবিব জানান। তিনি বলেন, "পুরো বিষয়টি রহস্যজনক। সন্ত্রাসীরা ডাকাতি করতে গেলে বাসার আলমারিসহ অন্যান্য জিনিস এলোমেলো থাকতো। এক্ষেত্রে তা ঘটেনি। সন্ত্রাসীরা ওই পরিবারের পরিচিত হতে পারে।" তবে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে আহসান হাবিব জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৩৫ ঘ.