ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শনিবার মাঝ রাত নাগাদ সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।
ডেসার সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে লোড ডেসপ্যাচ সেন্টারের বরাত দিয়ে বলেন, রাত ১১ টা নাগাদ ১ হাজার ৬৮৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এর মধ্যে ঢাকায় সরবরাহ করা হয়েছে ৭'শ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১ টা পর্যন্ত ৩ থেকে ৪ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। মাঝ রাতের দিকে এগুলো চালু হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হলেই উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে। আর উৎপাদন বাড়লেই সরবরাহ ব্যবস্থা পুরোমাত্রায় চালু হয়ে যাবে।
শনিবার দুপুরে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় সকাল ১১ টা ৪৫ মিনিটে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) বজলুর হক শনিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " সকাল ১১ টা ৪৫ মিনিটে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ১৩২ কেভি সরবরাহ লাইনে ক্রটি দেখা দেওয়ার পর তা আশুগঞ্জ স্টেশনে আঘাত করে। পর্যায়ক্রমে তা সবগুলো কেন্দ্রে ছড়িয়ে য়ায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/২৩২২ঘ.
bdnews24