কুমিল্লা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী সুুয়াগাজী এলাকায় শুক্রবার পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিকস আটক করেছে বিডিআর।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা ৩৩ রাইফেল ব্যাটেলিয়ানের সুবেদার ওয়ারেস জানান, বিডিআর সদস্যরা শুক্রবার সকালে সুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১৫'শ ৪৫ টি ভারতীয় শাড়ী, ২৩'শ ৮৩টি থ্রি পিস উদ্ধার করা হয়।
তিনি জানান, এসব পণ্যের আনুমানিক দাম এক কোটি ২১ লাখ ৩৭ হাজার পাঁচ'শ টাকা।
ভ্যান চালক ও হেলপার পালিয়ে যায় বলে সুবেদার ওয়ারেস জানান।
বিডিআর কর্মকর্তা জানান, কুমিল্লা সদরের টিপরা বাজার এলাকায় অপর অভিযানে ঢাকাগামী প্রিন্স বাসে তল্লাশি চালিয়ে ছয় কার্টুন কসমেটিকস উদ্বার করা হয়।
এর মধ্যে রয়েছে সাত'শ ফেয়ার এন্ড লাভলি, ২০৭টি স্কিন কেয়ার ক্রিম, দুই হাজার ৭২৪টি বেটনোবেট ক্রিম, দুইটি বোরোলিন ও চার'শ ৫০টি ব্যাথা নাশক ক্রিম। এগুলোর আনুমানিক দাম প্রায় সোয়া দুই লাখ টাকা ।
সুবেদার ওয়ারেস জানান, এই অভিযানেও কাউকে গ্রেপ্তার যায়নি। ভারতীয় পণ্য আটকের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24