চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বুনো হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জমি থেকে ধান নিয়ে ফেরার সময় আক্রমণে আব্দুল হামিদ নামের (৩৫) ওই ব্যক্তি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাশিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা হাপাইন্যা ঘোনায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে ১২/১৫টি বুনো হাতির একটি পালের আক্রমণে দিনমজুর আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। তিনি হাশিমপুর মিয়া বাড়ির নুরচ্ছফার বাড়িতে কাজ করতেন।
স্থানীয় সংবাদদাতা এস এম রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হামিদ ও গৃহকর্তা নুরচ্ছফাসহ তিনজন পাহাড়ের পাদদেশে ধানক্ষেত থেকে ধান নিয়ে ফিরছিলেন। এ সময় বুনো হাতির পালটি তাদের আক্রমণ করে।
তিনি জানান, নুরচ্ছফাসহ অপর দুইজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আব্দুল হামিদ হাতির পায়ের তলায় পিষ্ট হন। পরে লোকজন টিন, ঢোল পিটিয়ে এবং আগুন জ্বালিয়ে ধাওয়া করলে হাতির পালটি পাহাড়ের দিকে চলে যায়।
গত এক সপ্তাহে বুনো হাতির পাল হাশিমপুর এলাকার বিভিন্ন গ্রামের ৮/১০টি বাড়ি, প্রায় ১০ একর ফসলী জমি ও মৎস্য খামার নষ্ট করেছে।
চন্দনাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আবুল কাশেম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/১৫২৫ ঘ.
bdnews24