ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসের বিকেল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির প্রতি দেশের সব স্মৃতিসৌধ, বুদ্ধিজীবীদের কবরস্থান ও তাদের স্মৃতিবিজড়িত জায়গায় মানবন্ধন রচনা করে দু মিনিট নিরবতা পালনের আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এ সময় সবাইকে বাম বাহুতে কালোব্যাজ পরার অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের এই সংগঠনটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন রায়ের বাজার ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সামনে এই নিরবতা কর্মসূচি পালন করবে।
দিনটিতে এ ছাড়া নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তবে দেশে জরুরি অবস্থার কারণে এ বছর সীমিত পরিসরে কর্মসূচি পালিত হবে। সকালে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের আগে আগে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে নির্বিচার হত্যাযজ্ঞে মেতে ওঠে। স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস-এর সহায়তায় হত্যা করে এ দেশের বুদ্ধিজীবীদের।
যাদের হত্যা করা হয় তাদের কয়েকজন হচ্ছেন: অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বি মোর্তুজা, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সাংবাদিক সেলিনা পারভীন, শহীদ সাবের, আলতাফ মাহমুদ, ড. সিরাজুল হক খান, ড. সন্তোষ ভট্টাচার্য, ডা. মোহাম্মদ শফি, নিজাম উদ্দিন আহমদ তালেব, আ ন ম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, ড. আবদুল আলীম চৌধুরী, অধ্যাপক রাশিদুল হাসান, মেহেরুন্নেসা, হবিবর রহমান প্রমুখ।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, রুহের মাগফেরাত কামনা ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, "জাতিকে মেধাহীন করার মানসে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী সেদিন দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীসহ বহু গুণী ব্যক্তিদের হত্যা করে যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশবাসী তাঁদের আত্মোৎসর্গের মহিমা গাঁথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সবাইকে দেশপ্রেম ও মেধাভিত্তিক জাতি গঠনে উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস।"
প্রধান উপদেষ্টা বলেন, "শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা মেধা-মনন, জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির জগতে উজ্জ্বল নক্ষত্র। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে তাঁরা জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন। অন্যায়-অপশাসন ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁদের জীবনাদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। আমার দৃঢ় বিশ্বাস, শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
'আমি আশা করি, জ্ঞান-বিজ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে আমরা শহীদ বুদ্ধিজীবীদের আলোকিত পথ অনুসরণে আরও সচেষ্টা হব। উদার, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণে শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্খা বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করব। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার উদাত্ত আহ্বান আসুন, আজকের এই শোককে শক্তিতে পরিণত করি, মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন-সুখী ও সমৃদ্ধ, জাগরিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে একযোগে কাজ করি।"
রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল।
বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে। এরপর নেতাকর্মীরা মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, "মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছে। ঘাতকদের সে চেষ্টা এখনও অব্যাহত আছে। মুক্তিযুদ্ধের পরাজতি শক্তি এখনও বাংলাদেশ এবং বাঙালি জাতির বিরুদ্ধে তৎপর রয়েছে। এই অপশক্তি মুক্তবুদ্ধি এবং মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করতে চায়।"
বিএনপি'র খোন্দকার দেলোয়ার হোসেন অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকালে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
খোন্দকার দেলোয়ার হোসেন এক বাণীতে বলেন, "শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস। তাদের আত্মদানের দৃষ্টান্ত আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সাহস ও শক্তি যোগায় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে।"
বিএনপি'র সাইফুর রহমান অংশের দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার সকাল সাড়ে ৭টায় মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবে এবং বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দল শুক্রবার বিকেল ৪টায় 'শহীদ বুদ্ধিজীবী দিবস' উপলক্ষে দলের কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আহবায়ক ড. ফেরদৌস আহমদ কোরেশী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শুক্রবার সকালে মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সকাল সাড়ে ৭টায় মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদসহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। বিকেল ৩টায় জাসদ নেতাকর্মীরা মীরপুর জল্লাদখানা বধ্যভূমিতে দুই মিনিট নীরবতা পালন করবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দিবসটি উপলক্ষে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় মীরপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ ও ৯টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবে। বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলটির ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকাল ৮টায় মীরপুরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ ও টিএসসি'র সড়ক দ্বীপে শহীদ বুদ্ধিজীবীদের ছবি ও কোটেশন প্রদর্শনীর আয়োজন করবে বলে বাসদ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, "পাক হানাদারদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল। তাদের সে জিঘাংসা এখনো অব্যাহত আছে।"
বাংলাদেশ ছাত্র মৈত্রী সকাল সাড়ে ৭টায় মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বিকেল ৪টায় ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এমএআর/এমএইচবি/০২২৬ ঘ.
bdnews24