চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ভূমি অধিগ্রহণ ছাড়া চট্টগ্রামের চাক্তাই খালের উভয় পাড়ের একাংশে রাস্তা নির্মাণ কেন অবৈধ ঘোষনা করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ও বিচারপতি শহীদুল ইসলামের সমন্বয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করে।
কারণ জানিয়ে রুলের জবাব দেয়ার আগ পর্যন্ত সেখানে স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শ দেয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আগামী চার সপ্তাহের মধ্যে কারণ জানাতে বলেছে আদালত।
নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কমিশনার আবু জাফর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জিএম এরশাদ উল্লাহ খান ও স্থানীয় রুমঘাটার বাসিন্দা বাহাউদ্দিন কুতুরী চাক্তাই খালের পাড়ে অবস্থিত তাদের বাড়ির ভূমি অধিগ্রহণ করা ব্যতিরেকে রাস্তা নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন।
আবেদনকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজামুদ্দিন ফারুকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট বৃহস্পতিবার ভূমি হকুম দখল না করে চাক্তাই খালের পাড়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেজন্য রুলনিশি জারি করেছে।
তিনি জানান, জবাব দেয়ার পর্যন্ত হাইকোর্ট সেখানে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে।
১১ জুনের পাহাড় ধস ও বিপর্যয়ের পর নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন চাক্তাই খাল পুনসংস্কার ও খালের উভয় পাড়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24