ঢাকা, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় কমিশন (ইসি) 'খাদ্য নিরাপত্তা কর্মসূচি ২০০৬' শীর্ষক একটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ৩৩৭ কোটি ২৪ লাখ টাকা অনুদান দেবে।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ইসি ৩৩ দশমিক ৬৮ মিলিয়ন ইউরোর সমপরিমাণ প্রায় ৩৩৭ কোটি ২৪ লাখ টাকা অনুদান সহায়তা প্রদান করবে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষর ও বিনিময় হয়।
প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে সরকারকে সহায়তা প্রদান। প্রকল্পের অধীনে ২ লাখ প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীকে স্কুল চলার সময় খাবার প্রদান, বিভাগীয় পর্যায়ে জনসাধারণের পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করে তা নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য সরবরাহ করা, খাদ্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা শক্তিশালীকরণ, কৃষি জমির উৎপাদনশীলতা ও উর্বরতা বাড়ানোর জন্য কার্যক্রম পরিচালনা প্রভৃতি কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক চারটি অংশে কর্মসূচিটি বাস্তবায়িত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম ভূইয়া এবং ঢাকায় অবস্থানরত ইসির রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন যথাক্রমে বাংলাদেশ সরকার ও ইসি'র পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও বিনিময় করেন। চুক্তিপত্র বিনিময় শেষে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, ইউরোপীয় কমিশন ও বাংলাদেশ সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৯৪২ ঘ.
bdnews24