বরিশাল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ এর চাল আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা শিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার একই ইউনিয়ন পরিষদের (ইউপি) শিংহেরকাঠী ওয়ার্ডের সদস্য মো. হাবিবুর রহমান বরিশাল মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
হাকিম মো.মঈনুদ্দিন ইসলাম নালিশি মামলাটি আমলে নিয়েছেন।
একইসঙ্গে মামলাটি তদন্ত করে আগামী ২২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুসারে রহমতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর শিংহেরকাঠী ওয়ার্ডে দু'শ ৬০ টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়।
সে অনুযায়ী ৩ ডিসেম্বর ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত দু'শ ১৪ জন কার্ডধারীর মধ্যে ১৫ কেজি চালের বিপরীতে ১০-১২ কেজি চাল দেয়া হয়। অপর ৪৬ জন কার্ডধারীকে পরে চাল দেয়ার কথা বললেও চেয়ারম্যান দেননি।
এর পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদীকে (ইউপি মেম্বর) ডেকে পাঠালে তিনি বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান ৪৬ জনের নামে বরাদ্দ চাল ফেরত দেওয়ার কথা বললেও ফেরত দেননি।
চেয়ারম্যান ওই চাল খোলাবাজারে বিক্রি করে দিয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24