২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার বিরুদ্ধে নাইকো মামলায় তদন্ত শুরু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে নাইকো-দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে নাইকো-দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার বিকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মহাপরিচালক জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় কমিশনের সহকারি পরিচালক সাহিদুর রহমানকে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় উপ পরিচালক সাব্বির হাসানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তদন্ত কাজ শুরু করেছেন। গত ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে আলাদাভাবে এ দুটি মামলা দায়ের করা হয়। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনসহ মোট ১২ জনকে মামলা দুটির আসামি করা হয়। মামলা দুটিতে অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনীভাবে নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী চুক্তি করায় দেশের প্রায় ২৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে কর্নেল হানিফ ইকবাল আরও জানান, কমিশনে জমা পড়া প্রায় ৭০ হাজার অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করা হবে। বুধবার পর্যন্ত কমিশনে নতুন ১৪৭টি অভিযোগ জমা পড়েছে। তবে এর মধ্যে মাত্র সাতটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। মহাপরিচালক বলেন, "যেসব অভিযোগ আসছে তার বেশিরভাগই জমি-জমা ও ব্যক্তিগত সমস্যা নিয়ে। অনেকে বুঝতেই পারছে না যে কি ধরনের অভিযোগ আমরা গ্রহণ বা তদন্ত করি।" কমিশন এ বিষয়ে শিগগিরই গণমাধ্যমে প্রচারণা চালাবে বলেও জানান তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় কবে নাগাদ অভিযোগপত্র দেওয়া হবে জানতে চাইলে, তিনি বলেন, "এর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে তদন্তের স্বার্থে যেটুকু সময় প্রয়োজন, তা কমিশনকে দিতেই হবে।" দুর্নীতি দমন কমিশন বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত মেজর সাঈদ ইস্কান্দারের সম্পত্তির হিসাব সম্পর্কে অনুসন্ধান শুরু করেছে বলে বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবার যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে কর্নেল হানিফ বলেন, "এ বিষয়ে কমিশন কোনো অনুসন্ধানের উদ্যোগ নেয়নি। তবে এর আগে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর একটি অনুসন্ধান আদালত পর্যন্ত গড়িয়েছিল। কমিশন প্রয়োজনে বিষয়টি পুনরুজ্জীবিত করতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৮৫৩ঘ.