ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদ্য নিয়োগ পাওয়া বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় সুবিধা দেওয়ার বিষয়ে অগ্রগতি আগামী ১৪ জানুয়ারির মধ্যে সরকারকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদালত একইসঙ্গে আইন মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সরকারকে নির্দেশ দিয়েছে।
এ সংক্রান্ত শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, আদালতের নির্দেশ সরকার অবশ্যই পালন করবে। কিন্তু এজন্য সময় দরকার। তিনি জনবল কাঠামো সংক্রান্ত সরকারের ২৮ অক্টোবরের চিঠি আদালতে পড়ে শোনান।
এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের জন্য যানবাহনের ব্যবস্থা না করলে তারা কীভাবে যাতায়াত করবেন।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে।
আদালত বলেন, পুরোনো যানবাহন দিয়েই এখন কাজ চালান। তবে শিগগিরই নতুন যানবাহনের ব্যবস্থা করুন।
আদালত আরও বলেন, প্রয়োজনীয় জনবলের অভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এ অসুবিধা যত তাড়াতাড়ি সম্ভব দূর করুন।
আদেশের পর মাসদার হোসেন মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম সাংবাদিকদের বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জনবল ও যানবাহন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যত দ্রুত সম্ভব এগুলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। "
আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত কিছু নির্দেশনা দিয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য কর্মচারী ও যানবাহন সরবরাহ করতে বলেছে। আসলে গত ২৮ অক্টোবর সরকারের দেওয়া জনবল কাঠামো বিষয়ে চিঠির বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে বলেছে আদালত।"
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ আলাদা করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24