সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা শেষ হয়েছে প্রায় তিন মাস। কিন্তু এখনো ঘুরে দাঁড়াতে পারেনি যমুনা তীরের ক্ষতিগ্রস্ত মানুষ। যমুনার বুকে জেগে ওঠা কাওয়াকোলা চরের ৬০ বছরের হজরত আলী প্রতিবেশী আরও অনেকের মতো এখনো চিন্তা করেন কীভাবে চালাবেন তার আট সদস্যের সংসার।
মানুষ বোঝাই নৌকায় মঙ্গলবার নদীর ওপারে মাছ ধরতে যাচ্ছিলেন হজরত আলী। হতাশ কণ্ঠে এই বৃদ্ধ বলেন, "জানি না আগামী দিনগুলো কীভাবে কাটবে।"
তবে সুদিন ফিরে পাওয়ার আশা একেবারে ছেড়ে দেননি হজরত আলী। তিনি বলেন বলেন, "বন্যার সঙ্গেই আমাদের বসবাস। এটা আমাদের ভাগ্য। তবে এবারের বন্যা আমাদের বেশি ক্ষতি করেছে।"
জুলাই-সেপ্টেম্বরে উপচে পড়া যমুনার পানিতে তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ গৃহহারা হয়। ভেসে যায় তাদের গৃহপালিত গবাদি পশু, হাঁস-মুরগি। ওই বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকেই নিজ বাড়িঘর ছেড়ে পাড়ি জমিয়েছে অন্যত্র।
অনেকে আবার মাটি কামড়ে পড়ে থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
হজরত আলী বলেন, "আমি একজন সম্পন্ন কৃষক ছিলাম। এক সময় আমাদের ৪০ বিঘা জমি ছিল। এখন কিছুই নেই। নদী, বন্যা সবকিছু কেড়ে নিয়েছে।"
তার শেষ সম্বল এক টুকরো উর্বর কৃষি জমি পুরু বালিতে ঢেকে দিয়েছে বন্যার পানি। এখন তা পুরোপুরি চাষের অযোগ্য।
হজরত আলী বলেন, "এখন আমার যা আছে তা দিয়ে পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে পারি না। তাই মাছ ধরে বাঁচার চেষ্টা করছি।"
বন্যার পর যমুনা তীরের নিঃস্ব হাজার হাজার মানুষের গল্প প্রায় এমনই। তাদের সবাই সরকারি সহায়তা ছাড়াই নতুন করে বাঁচার লড়াইয়ে নেমেছেন।
সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা চরে গিয়ে দেখা যায় মানুষের জীবন সংগ্রামের রূঢ় বাস্তবতা। বন্যার পর চরের মাইলের পর মাইল এলাকা এখন প্রায় মরুভূমি। কৃষির সম্ভাবনা নষ্ট হওয়ায় বিকল্প পেশার সন্ধান করছে চরটির মানুষ।
এর আশপাশের দোগাছি, ছোট কয়রা, হাট বাড়িয়া, মির্জাপুর, মহিষ কাংলা, বড় কয়রা চরের মানুষদের জীবন চিত্রও প্রায় একই রকম।
তাদের দারিদ্র্যের সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের সঙ্কট ও মৌলিক স্বাস্থ্যসেবার অভাব। এসব এলাকায় সড়ক অবকাঠামো বিধ্বস্ত, কোথাও তা একবারেই নেই। বিদ্যুতের অবস্থাও প্রায় একইরকম।
কাওয়াকোলা চরে নিজের বিধ্বস্ত ঘরের সামনে দাঁড়িয়ে ২৫ বছর বয়সী ফুলেরা বেগম বলেন, "ঘরটা মেরামত করা দরকার। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। সামনে শীত আসছে। তাই ঘরটা বাঁধতেই হবে। এজন্য হয়ত আমাকে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হবে।"
বন্যার পানি বাড়ার সময় পরিবারের সবাই একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছিল বলে জানান ফুলেরা। ওই বাঁধে তাদের প্রায় দুইমাস কাটাতে হয়েছে। পরে নিজেদের বিধ্বস্ত বাড়িতে ফিরেছেন শূন্য হাতে।
বন্যার পর সরকারিভাবে এ অঞ্চলের কৃষকদের গমবীজ ও সার দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা ছিল সামান্য।
কাওয়াকোলার নমদর আলী মণ্ডল বলেন, "আমি গম বীজ ও কয়েক কেজি সার পেয়েছি। কিন্তু নতুন করে জীবন শুরু করার জন্য এগুলো পর্যাপ্ত নয়।"
অবশ্য জেলা ত্রাণ কর্মকর্তা কার্তিক চন্দ্র হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্তদের আমরা বীজ ও সার দিয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টাও করেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/এডি/ডিডি/এসএনডি/এমএ/১৪৪৮ঘ.
bdnews24