পাবনা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শহরের রাধানগর মক্তবপাড়ায় রোববার কলেজ ছাত্রীসহ দুজনকে অপহরণ চেষ্টার অভিযোগে জনি ওরফে গ্যাদা (২১) ও ফরিদ (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনা কলেজের ছাত্রী শামসুন্নাহার আইরিন ও তার বান্ধবী মুক্তা খাতুন চক পৈলানপুর থেকে রিকশায় শহরে আসার পথে দুপুর ১টার দিকে রাধানগর মক্তবপাড়ায় পৌঁছলে ৮/১০ জন যুবক তাদের অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে র্যাব সদস্যরা এ দুজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। পাবনা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24