২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন গঠনে দেশ ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত: দুদক চেয়ারম্যান

ট্রুথ কমিশন গঠনের সময় দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে.জে.হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ট্রুথ কমিশন গঠনের সময় দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে.জে.হাসান মশহুদ চৌধুরী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্নীতি দমন কমিশন ও ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত 'জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদ : বাংলাদেশে প্রাসঙ্গিকতা: পরবর্তীতে কি?' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত দেন দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। হাসান মশহুদ চৌধুরী এসময় বলেন, প্রস্তাবিত ট্রুথ কমিশনের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের কোনও সংশ্লিষ্টতা নেই। এ কমিশন গঠনের সময় দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, সরকার ও জনগণ নির্ধারণ করবে ট্রুথ কমিশনের কার্যক্রম কেমন হবে। তিনি বলেন, "আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা বড় বাধা অতিক্রম করেছি। দুর্নীতিবিরোধী যে যাত্রা শুরু করেছি, এর ফল অবশ্যই দৃশ্যমান হবে। কোনো গোষ্ঠী বা শ্রেণী আমাদেরকে চলমান অভিযান থেকে ভিন্ন দিকে ধাবিত করতে পারবে না।" টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, "প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও মন্ত্রণালয়ের পরিধি ছোট করা উচিত। এর পাশাপাশি তত্ত্বাবধানমূলক কর্মকাণ্ড বাড়াতে হবে। দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি।" আইনের ফাঁক ফোকর সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকে সতর্ক হতে হবে বলে তিনি মন্তব্য করেন। সংস্থাপন সচিব আবদুস সালাম খান বলেন, দুর্নীতি রোধ করতে হলে দুর্নীতিবাজদের শাস্তির পাশাপাশি সৎ কর্মকর্তাদের পুরস্কৃত করতে হবে। ইউএনডিপি'র আবাসিক পরিচালক মনোজ বাসনিয়াত বলেন, সংস্কারকৃত প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা খুব বেশি দুরে নয়। ইউএনডিপি টিআইবি ও দুদকের দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডকে সহায়তা করবে। দুদক'র সাবেক কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন, "সচিব, মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনীতিবিদ ও আমলাতন্ত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়।" মূল প্রবন্ধে ড.ইফতেখারুজ্জামান দুর্নীতিবিরোধী সনদের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখন মূল কাজ হচ্ছে সনদের সঠিক বাস্তবায়ন। জনগণকে দুর্নীতিবিরোধী আন্দোলনের 'মূল শক্তি' আখ্যা দিয়ে তিনি বলেন, জনগণ যখন সচেতন হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিকে ঘৃণা করবে এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশ নেবে তখনই দেশে দুর্নীতি ধীরে ধীরে হ্রাস পাবে। আলোচনায় আরও অংশ নেন সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, এডিবি'র ফিরোজ আহমেদ, অধ্যাপক আবুল কাশেম মজুমদার, উন্নয়নকর্মী তানভির সিদ্দিকী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দুর্নীতিবিরোধী কার্টুন ও পোস্টার আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। টিআইবি'র উদ্যোগে সারাদেশেই আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, 'সচেতন নাগরিক কমিটি' র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহাদৎ হোসেন। এর আগে ৮ ডিসেম্বর বিতর্ক ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রতিনিধি জানান, সচেতন নাগরিক কমিটি র‌্যালি, আলোচনা ও পথ নাটকের আয়োজন করে। দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ' দ্রোহে, সংকল্পে, যুক্তিতে দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই' -এ স্লোগানকে সামনে রেখে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও টিআইবির উদ্যোগে এ বিতর্ক ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিতর্কের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এখানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১৪৫ঘ.