২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মিয়ানমারের ৩৩ নাগরিক গ্রেপ্তার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে রোববার দুপুরে অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য বাংলাদেশে আনা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

কক্সবাজার, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে রোববার দুপুরে অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য বাংলাদেশে আনা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে শহরের বাজারঘাটা এলাকার আবাসিক হোটেল বনানীতে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে মিয়ানমারের ৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আটক সবাই মিয়ানমারের মংডু টাউনশিপের হাইশিং, ওয়াবেদ, কাইন্দা পাড়া ও পোয়াখালী এলাকার বাসিন্দা। আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তারা বলেছে দিনমজুর হিসেবে কাজ করার জন্য তারা রোববার সকালে বাংলাদেশে এসে বাজারঘাটার ওই হোটেলে ওঠে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া মিয়ানমারের এই ৩৩ নাগরিককে সাগর পথে মালয়েশিয়া কিংবা অন্য কোন দেশে পাচার করার জন্য কক্সবাজার নিয়ে আসা হয়েছে বলে তারা মনে করছেন। তবে গ্রেপ্তাকৃতরা এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। তাদের বিরুদ্ধে পার্সপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও আমিনুল ইসলাম জানান। বনানী হোটেলের মলিক হাবিবুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মিয়ানমারের ৩৫ জন নাগরিক সাতটি কক্ষ ভাড়া নেয়। এর মধ্যে আজ (রোববার) পুলিশ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। বাকী দুজনের খবর তার জানা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.