ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়গুলোর কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে রোববার পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ পরে ক্লাশ নিয়েছেন।
টিএসসিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক 'ড. সিতারা পারভিন ট্রাস্ট' পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শিক্ষকরা কালো ব্যাজ পরে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, "আমি একটা সম্মানজনক সমাধান দেখতে পাচ্ছি। সরকারের একটি দায়িত্বশীল অংশের সঙ্গে আমাদের আলোচনা চলছে।"
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "সরকারের একটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল অংশ প্রথমবারের মত আমাদের সঙ্গে আলোচনা করেছে। আমরা হয়তো একটা আশানুরূপ সমাধানের দিকে যাচ্ছি।"
এ কারণে সোমবারের মৌন প্রতিবাদের ব্যাপারে সন্ধ্যা ৬ টায় জরুরি সভায় বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও ছাত্রদের বুধবারের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে শুক্রবার জরুরি সভা করে ঢাবি শিক্ষক সমিতি। সভায় রোববার কালো ব্যাজ পরে শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ও সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে একঘণ্টা মৌন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24