চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাফরাবাদ এলাকায় রোববার ভোরে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আরমান হোসেন (২৫) নামে একজন মারা গেছে।
আরমান কাভার্ড ভ্যানের হেলপার বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোটে।
মীরসরাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাককে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা মারে। এসময় কাভার্ড ভ্যানের হেলপার আরমান আহত হয়।
আহত আরমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা দেলোয়ার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১২২১ ঘ.
bdnews24