চট্টগ্রাম, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন ফতেপুর এলাকায় শনিবার দুুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হারুনুর রশীদ (৩৫)। তিনি হাটহাজারী উপজেলার মোহরা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
আহতরা হলেন- জয়নব বেগম (৪৫), মো. মামুন (৩৮) ও অটোরিকশা চালক রফিকুল্লাহকে (৩৫)। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর দুইটার দিকে শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে (চট্ট মেট্রো চ-১২-৩৮৭৫) বিপরীত দিক থেকে আসা একটি বাসের (চট্ট মেট্রো জ ১১-০১৫৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিল্পী রানী জানান, সংঘর্ষে অটোরিকশা চূর্ণবিচুর্ণ হয়ে যাত্রী হারুনুর রশীদ ঘটনাস্থলে মারা যান।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24