যশোর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেআইনিভাবে জেলা পরিষদ কার্যালয়ের গ্যারেজে গাড়ি রাখার অভিযোগে যশোর-১ (শার্শা) আসনের বিএনপির সাবেক সাংসদ আলী কদরের ছেলে কামরুল কদর নোমানের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) তাসলিমা শহরের মুজিব সড়কের জেলা পরিষদ ভবনের একটি পুরাতন গ্যারেজ থেকে স্করপিও জিপ (নম্বর- ঢাকা মেট্রো ঘ-১১-৯৫১৯) জব্দ করে।
উপ-পরিদর্শক তাসলিমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি অনেকদিন ধরে ওই গ্যারেজে লুকানো ছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার উপস্থিতিতে গ্যারেজের তালা ভেঙে গাড়িটি জব্দ করা হয়।
তিনি বলেন, গাড়িটির গায়ে প্রেস লেখা ছিল। গাড়িতে মাদক উপকরণ ও নোমানের ভিজিটিং কার্ড পাওয়া যায়। জানতে চাইলে তিনি গাড়িটি তার নিজের বলে দাবি করেন।
তাসলিমা জানান, বেআইনিভাবে গাড়ি রাখার অভিযোগে মামলা করা হয়েছে। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
নোমানের স্ত্রী দীপ্তি গত ২৪ নভেম্বর তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ এনে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24