২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সোয়া দু'কোটি টাকার বেশি বরাদ্দ

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জন্য ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এসএসসি, এইচএসসি, পরীক্ষার্থীদের বইসহ শিক্ষা উপকরণ ক্রয় বাবদ ১০ লাখ টাকা, সরকারি প্রাইমারি, রেজিস্টার্ড কমিউনিটি স্কুল মেরামত বাবদ ১ কোটি ৮৫ লাখ ও স্কুল, কলেজ, মাদ্রাসা মেরামত খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:17 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জন্য ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এসএসসি, এইচএসসি, পরীক্ষার্থীদের বইসহ শিক্ষা উপকরণ ক্রয় বাবদ ১০ লাখ টাকা, সরকারি প্রাইমারি, রেজিস্টার্ড কমিউনিটি স্কুল মেরামত বাবদ ১ কোটি ৮৫ লাখ ও স্কুল, কলেজ, মাদ্রাসা মেরামত খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ঝড়ে জেলার পাঁচটি উপজেলার ৩৪৭টি কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ কোটি ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সরেজমিনে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জতীন্দ্র চন্দ্র মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ের পর থেকে খোলা আকাশের নিচে ক্লাশ ও পরীক্ষা নিতে হচ্ছে। স্কুলটির শ্রেণী কক্ষ বিধ্বস্ত হয়েছে। চাল উড়ে গেছে।" শুধু সোনার বাংলা উচ্চ বিদ্যালয় নয়, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার ৩৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের একই চিত্র। শিক্ষা মন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষণ দল এখন গোপালগঞ্জে অবস্থান করছে। দলটি জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করছে। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. তরিকুল আমিন বলেন, ঝড়ে স্কুল ও বাড়িঘর ভেঙে শিক্ষা উপকরণ ও বই খাতা নষ্ট হয়েছে। খোলা আকাশের নিচে বসে তাদের পরীক্ষা দিতে হচ্ছে। বাড়িতেও পড়ার পরিবেশ নেই।" জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, "জেলায় ১০৪টি কলেজ, হাইস্কুল ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির জরিপ কাজ চলছে। শিক্ষা উপকরণ ও বই ক্রয়ের জন্য ১০ লাখ টাকা পাওয়া গেছে।" আংশিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলো আগামী এক মাসের মধ্যে মেরামত করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বলেন, "প্রাইমারি স্কুল খাতে ১ কোটি ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির সমপরিমাণ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কাজ দ্রুত শুরু হবে। মেরামত করা স্কুলেই শিক্ষার্থীরা নতুন বছরে ক্লাশ করার সুযোগ পাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৭ ঘ.