সাভার, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোহাইল বাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আমিনুল ইসলামকে (১৭) অপহরণের ২০ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্রীপুরের সানসিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
আশুলিয়া থানা ও আমিনুলের পারিবারিক সূত্র জানায় যায়, গোহাইল বাড়ি দিঘিরপাড় এলাকার আলতাফ হোসেনের ছেলে আমিনুল ইসলামকে সোমবার দুপুর ১২টার দিকে জিরানী বাজার থেকে অপহরণ করা হয়।
পরে অপহরণকারীরা তার মা শাহনাজ আক্তারের কাছে মোবাইল ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শাহনাজ ২০ হাজার টাকা দিতে রাজি হলে তাকে টাকা নিয়ে নয়ারহাট ব্রিজের কাছে আসতে বলে অপহরণকারীরা।
শাহনাজ আক্তার সোমবারই ঘটনাটি আশুলিয়া থানায় জানান এবং পুলিশের কথা মত টাকা নিয়ে ব্রিজের কাছে যান। অপহরণকারী দলের সদস্য চাঁন মিয়া (৪০) টাকা নিতে এলে সাদা পোশাকে ওঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মুরাদ জানান, আটক চাঁন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ও মোবাইলের ফোনকলের সূত্র ধরে পুলিশ মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্রীপুরের সানসিটি এলাকায় অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেন (২৬) ও সবুজকে (২৪) গ্রেপ্তার এবং আমিনুল ইসলামকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় ১টি অপহরণ মামলা (নম্বর-১৭) হয়েছে।
অপহরণকারী চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে মুরাদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24