২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ হচ্ছে না: মইনুল

শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক সভা শেষে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আইনের শাসন মেনে নিয়েই আদালতে হাজির হয়েছেন। সেখানে যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তিনি নির্দোষ। আর প্রমাণ করতে না পারলে আইন অনুযায়ী তার বিচার হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক সভা শেষে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আইনের শাসন মেনে নিয়েই আদালতে হাজির হয়েছেন। সেখানে যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তিনি নির্দোষ। আর প্রমাণ করতে না পারলে আইন অনুযায়ী তার বিচার হবে।" সোমবার বিশেষ এজলাসে মামলাটির অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালতে শেখ হাসিনা নিজেকে নির্দোষ দাবি করেন। এ প্রসঙ্গে উপদেষ্টা মইনুল হোসেন বলেন, "সব বিচারপ্রার্থীই নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে সে অনুযায়ীই তার বিচার হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, আইনের চোখে সবাই সমান।" শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে জাতীয় সংসদ ভবনের বিশেষ এজলাসে স্থানান্তর করায় আওয়ামী লীগ এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এই পরিপ্রেক্ষিতেই আইন উপদেষ্টা এই মন্তব্য করলেন। সোমবার সংসদ ভবনের বিশেষ এজলাসে রাষ্ট্র পক্ষের প্রধান কৌশুলি বলেন, শেখ হাসিনা একজন "জাতীয় নেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা বলে" নিরাপত্তার বিষয়টি চিন্তায় রেখেই সেখানে এজলাস বসেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটি সংসদ ভবনের আদালতে স্থানান্তরের কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, "মামলার বিচার কাজে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। দেশে -বিদেশে সবাই এ ব্যাপারে একমত হবেন। তাদেরকে আইনজীবী নিয়োগের ব্যাপারেও স্বাধীনতা দেয়া হয়েছে। " বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৯১৭ঘ.