২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের তিন মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত

কারা অন্তরীণ খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি চাঁদাবাজির মামলা এবং একটি অস্ত্র মামলা। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

খুলনা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি চাঁদাবাজির মামলা এবং একটি অস্ত্র মামলা। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "মামলা তিনটির তদন্ত কর্মকর্তারা গত ৪ নভেম্বর মামলাগুলো জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান। সে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুমোদন করে। সহকারী স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত মন্ত্রণালয়ের অনুমোদনপত্র সোমবার কেএমপিতে এসে পৌঁছেছে।" মামলাগুলো হচ্ছে, খুলনা সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত কর্মকর্তা হাফিজুর রহমানের দায়ের করা ২ লাখ ৯০ হাজার টাকা চাঁদাবাজির মামলা, রূপসা এলাকার আবু আব্দুল্লাহ এলিনের দায়ের করা ৪ লাখ টাকার চাঁদাবাজির মামলা এবং মেয়রের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা। মেয়র তৈয়েবুর রহমান ইতোমধ্যে জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত দুটিসহ ছয়টি চাঁদাবাজির মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়েবুর রহমানকে গত ২ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর একদিন আগেই খুলনা সদর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন সিটি করপোরেশনের বরখাস্ত কর্মকর্তা হাফিজুর রহমান। ৩ নভেম্বর বিকেলে মেয়রকে খুলনার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ওই রাতেই মেয়রের খুলনার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তৈয়েবুর রহমানকে খুলনা থেকে যশোর কারাগারে স্থানান্তর করা হয়। তিনি এখন সেখানেই রয়েছেন। গ্রেপ্তারের পর মেয়রের বিরুদ্ধে মোট সাতটি চাঁদাবাজির মামলা হয়। এছাড়া বাড়ি থেকে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০২ ঘ.