ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে কেবল বিচার বিভাগ পৃথক করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির ২০০৭ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, "ন্যয়বিচার প্রতিষ্ঠায় আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। এখন অবশ্যই রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি জোর দেব।"
তিনি বলেন, "বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগের স্বাধীনতা আমাদের সংগ্রামের ফসল। ক্রান্তিকালে আমাদেরকে বিবেচকের মতো কাজ করতে হবে। মানুষের অধিকার রক্ষা করতে হবে ও আশার বাস্তবায়ন ঘটাতে হবে।"
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, নেপাল ও বাংলাদেশের কয়েকজন বিচারপতি ছাড়াও বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন বিচারপতি ইমান আলী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/০০০৩ ঘ.
bdnews24