চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো নামানোর কাজে স্থায়ীভাবে বার্থ অপারেটর নিয়োগ করা হচ্ছে। অপারেটর প্রতিষ্ঠান নিয়োগ ও তাদের কর্মপদ্ধতি নির্ধারণে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপনটি পেয়েছে। বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
তিনি জানান, প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন থেকে স্থায়ীভাবে বার্থ অপারেটর নিয়োগে আর কোন বাধা থাকল না।
বর্তমানে অস্থায়ী ভিত্তিতে বন্দরের বিভিন্ন জেটির ১৩টি ইউনিটে এবং বহিনোঙরের ১০টি ইউনিটে কাজ করছে ৫০ টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান। দরপত্র আহ্বানের মাধ্যমে এখন থেকে অভিজ্ঞ ও যোগ্য বার্থ অপারেটররা এসব ইউনিটে নিয়োগ পাবে।
বন্দর সচিব বলেন, "প্রজ্ঞাপন জারির ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো নামানোর (হ্যান্ডলিং) ক্ষেত্রে বার্থ অপারেটর নিয়োগের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ পেল।"
ফরহাদ উদ্দিন আহমদ জানান, বন্দর কর্তৃপক্ষ শিগগিরই বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলার নিয়োগে দরপত্র আহ্বানের কাজ শুরু করবে।
তিনি বলেন, বার্থ অপারেটর নিয়োগের নীতিমালা, কাজের পদ্ধতি ও পরিধি, আর্থিক বিষয়সমূহ, নিয়োগের ক্ষেত্রে প্রাক যোগ্যতা, বার্থ অপারেটর হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা ও পর্যাপ্ত যন্ত্রপাতি থাকার শর্তগুলো প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে জানানো হয়েছে।
বন্দর সচিব জানান, যে সব বার্থ অপারেটরের বিরুদ্ধে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের নিয়োগ না দেওয়ার কথাও এতে বলা হয়েছে।
ফরহাদ উদ্দিন আহমদ জানান, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডক ও মার্চেন্ট শ্রমিকদের পরিবর্তে এখন বন্দর কর্তৃপক্ষ একটি লেবার পুল গঠন করবে। এ পুল থেকে শ্রমিক নিয়োগ করবে বার্থ অপারেটররা।
বন্দর সূত্র জানায়, বন্দরের একটি কমিটি বার্থ অপারেটর নিয়োগ, তাদের কর্মপদ্ধতি, আর্থিক দিকসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করার পর নৌ পরিবহন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। পরে তা শ্রম মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়। সব বিভাগের অনুমোদন পাওয়ার পর বার্থ অপারেটর নিয়োগের প্রজ্ঞাপনটি জারি করা হয়।
নতুন এ পদ্ধতি চালু হলে প্রায় পঞ্চাশ বছরের পুরনো স্টিভিডোরিং প্রথা আইনগতভাবে বিলুপ্ত হয়ে যাবে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর বন্দরে সংস্কারের অংশ হিসেবে মাস্টার স্টিভডোরিং ব্যবস্থা বাতিল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/
bdnews24