রংপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলার যমুনেশ্বরী ব্রীজের কাছে তিনটি ভটভটি আটক করে ৭৬ বস্তা পটাশ সার উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোন্নাফ, শাহ আলম, কামরু, মোনায়েম, শাহাদুল, লাবলু ও নয়ন। এদের বাড়ি শঠিবাড়ি, পায়রাবন্দসহ বিভিন্ন গ্রামে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌথবাহিনীর সদস্যরা বুধবার রাত এগারটার দিকে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের যমুনেশ্বরী ব্রীজের কাছে তিনটি ভটভটি আটক করে ৭৬ বস্তা পটাশ সার উদ্ধার করেছে। ভটভটি থেকে সাতজনকে আটক করে বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করে যৌথবাহিনী।
কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাশের জগন্নাথপুর এলাকা থেকে ভটভটিগুলোতে করে পটাশ সার মিঠাপুকুরে নিয়ে আসা হচ্ছিল বলে তিনি জানান।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার সহকারী উপ পরিদর্শক অনন্ত রাম একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/০০৩০ ঘ.
bdnews24