ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা তৈরিতে রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই প্রথম তিনি ভোটার তালিকা তৈরীতে তাদের সহযোগিতা চাইলেন।
নির্বাচনী সংস্কার নিয়ে রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি বলেন, "ঢাকায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে। ঢাকার কাজটা বেশ কঠিন। আপনারা কর্মীদের বলবেন, তারা যেনো আমাদের সহযোগিতা করে।" (বিস্তারিত)
সংলাপে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতে ইসলামীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচন, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা তৈরি, নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখ টাকা করাসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান।
তিনি সিপিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
স্বাগত বক্তব্যে সিইসি শামসুল হুদা বলেন, "বিএনপির দুই অংশকে সংলাপে ডাকার বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি হয়েছে। এ নিয়ে নানা বিতর্কও হয়েছে। সচেতনভাবেই আমরা বিভক্ত দলের সব অংশকে ডাকছি না। এ কারণেই বিএনপির একটি অংশকেই সংলাপে ডাকতে হয়েছে।"
উদাহরণ হিসেবে জাতীয় পার্টির কথা উল্লেখ করে সিইসি বলেন, "তাদের (জাতীয় পার্টি) সব অংশই সংলাপে বসতে আগ্রহী। কিন্তু আমরা সবাইকে ডাকিনি।"
তবে নির্বাচন কমিশনের নীতি ছোট-বড় সব দলের জন্য সমানভাবে প্রযোজ্য বলে উল্লেখ করেন সিইসি।
সংলাপ শেষে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, "সংবিধানে লেখা আছে, ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভাজন করা যাবে না। কিন্তু জামায়াতে ইসলাম ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে। তাছাড়া '৭১ সালে পাক হানাদারের সহযোগী হিসেবে অনেক আগেই তারা নিবন্ধিত হওয়ার যোগ্যতা হারিয়েছে।"
নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব অনুসারেও জামায়াতে ইসলামীকে নিবন্ধন করানো যায় না বলে সিপিবি সাধারণ সম্পাদক দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমআই/জিএনএ/১৫৫০ ঘ.
bdnews24