শিহাবুদ্দিন কিসলু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
নিউইয়র্ক, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্নিদুর্গতদের জন্য জরুরি ত্রাণ সাহায্য হিসেবে আরো ৬০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এর আগে গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পরপরই আন্তর্জাতিক সংস্থাটি ৯০ লাখ ডলার সাহায্যের ঘোষণা দিয়েছিল।
শনিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ঘূর্ণিদুর্গতদের জন্য সাহায্যের পরিমাণ আরো বাড়ানো হবে।
এদিকে জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি।
ইউনিসেফ বাংলাদেশ এর স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের প্রধান ড. ইয়রলুমুন উহা বলেন, "দুর্গত এলাকায় হাজার হাজার নারী ও শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী দুর্গত ৫০ লাখ মানুষের মধ্যে অর্ধেকই শিশু। এদের মধ্যে ৬ লাখের বয়স আবার ৫ বছর বা তারও কম। এদের কাছে দ্রুত সাহায্য নিয়ে পৌঁছানো না গেলে আসছে শীত মৌসুমে ক্ষুধা আর পানিবাহিত রোগ ছাড়াও ঠাণ্ডার কারণে ঝুঁকি আরো বেড়ে যাবে।"
উহা জানান, দুর্গত এলাকায় বিতরণের জন্য শিশু তহবিলের পক্ষ থেকে ইতোমধ্যে এক লাখ কম্বল, শিশুদের জন্য ৬০ হাজার পোশাক, ৬০ হাজার ফ্যামিলি কিটস ও ৬০ হাজার প্লাস্টিক শিট কেনা হয়েছে। তাছাড়া মারাত্মক ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য দুটি ভ্রাম্যমাণ পানি শোধনাগার পাঠানো হয়েছে।
এছাড়া বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) পক্ষ থেকে ঘূর্ণিদুর্গত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার মানুষের মধ্যে উচ্চ পুষ্টিমান সম্পন্ন বিস্কুট বিতরণ করা হয়েছে। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ডগলাস ব্রডরিক জানান, ডব্লিউএফপি শিগগিরই ২০ লাখ লোকের মধ্যে ৭৫০ টন চাল বিতরণের কাজ শুরু করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিবেদক/জেকে/এমএ/১৮২৫ ঘ.
bdnews24