ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী দু'একদিনের মধ্যে বাংলাদেশে ত্রাণ কাজ শুরু করবে মার্কিন মেরিনরা। মেরিনদের বহনকারী জাহাজ দুটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ইতোমধ্যেই ইউএসএ এসেক্স ও ইউএসএ কেয়ারসার্জ নামের ওই জাহাজ দুটির নোঙরের জন্য সম্ভাব্য অবস্থান নির্ধারণের কাজও শুরুহয়েছে।
বরিশাল সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ আলী জানান, একটি মার্কিন দল হেলিকপ্টার অবতরণের স্থান নির্ধারণের জন্য বরিশাল ও পটুয়াখালী পরিদর্শন করেছেন।
তিনি জানান, মার্কিন নৌবাহিনী তাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার আগে হেলিকপ্টার ওঠানামার স্থান নির্ধারণ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা, লিয়াজোঁ অফিস নির্ধারণ, জাহাজ নোঙরের স্থান নির্ধারণের কাজ করছে।
কর্নেল আবু সাইদ আরো বলেন, ''যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একটি দল বরিশাল বিমানবন্দর এলাকা পরির্দশন করেছে। এ ছাড়া তাদের একটি চিকিৎসক দল বরিশাল ও পটুয়াখালী পরিদর্শন করেছে।"
তিনি জানান, লিয়াজোঁ কমিটি স্থান নির্ধারণের কাজ করছে। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে ইউএস হেলিকপ্টার চট্টগ্রাম ও ঢাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বরিশালের বিমান বন্দরে অবতরণ করবে। পরবর্তীতে সেখান থেকে উপকূলীয় অঞ্চলে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হবে।
ত্রাণ কার্যক্রম পরিচালনায় গত শুক্রবার মার্কিন নৌ বাহিনীর অ্যাডমিরাল টিমোথি জে কিটিং বাংলাদেশের সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার সেনা সদরে অনুষ্ঠিত ওই বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
মার্কিন নৌ বাহিনীর 'ইউএসএ এসেক্স' ও 'ইউএসএ কেয়ারসার্জ' জাহাজ দুইটির প্রতিটিতে ২৩টি হেলিকপ্টার রয়েছে। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা সাড়ে ৪০ হাজার টন।
জাহাজ দুইটিতে দেড় হাজার মেরিন সদস্য রয়েছে। প্রতিটি জাহাজে একটি করে ৬০০ শয্যার আধুনিক হাসপাতালের সব সুযোগ সুবিধাও রয়েছে।
১৯৯১ সালে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্তরাষ্ট্র 'অপারেশন সি এঞ্জেলস' জাহাজের বহর অংশ নিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এএল/এমএ/১৭৩৯ ঘ.
bdnews24