কুষ্টিয়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
নিহতের নাম আব্দুল মজিদ। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়।
ওসি কামরুজ্জামান জানান, কলাবাড়ীয়া গ্রামের একটি মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সে গ্রামে অভিযান চালায়। রাত সোয়া ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।
বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থী নেতা মজিদ গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানান। ওই সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত মজিদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা, অপহরণের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩২ ঘ.
bdnews24