ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় কবলিত এলাকায় সরকারি ত্রাণসামগ্রীর অপ্রতুলতা ও ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
এছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার সুযোগ করে দিতে দুর্গত এলাকা থেকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছে মোর্চা।
শুক্রবার তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে মোর্চার সমন্বয়ক খালেকুৃজ্জামান দুর্গত এলাকায় মোর্চা নেতাদের ত্রাণ বিতরণ ও সেখানে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আগামী ছয় মাস ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে খাদ্য সাহায্য দেওয়ার দাবি জানান তিনি।
কৃষি ঋণ ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) দেওয়া ঋণ মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহ নির্মাণ ঋণ, আশ্রয় কেন্দ্র তৈরি, উপকূলীয় অঞ্চলে বনায়ন, বন্যা নিয়ন্ত্রন বাঁধ তৈরি, কমিউনিটি রেডিও চালু, অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ে তোলার দাবি জানায় মোর্চা।
বাম মোর্চা উপকূলীয় দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ স্থাপন, জেলা পর্যায়ে আবহাওয়া সর্তকতা ব্যবস্থাসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
মোর্চার সমন্বয়ক খালেকুজ্জামান জানান, গত ২০ ও ২১ নভেম্বর মোর্চার ত্রাণ দল বরগুনার বিভিন্ন এলাকায় যায়।
রোববার আরেকটি দল চাঁদপুরের হাইমচর ও ২৬ নভেম্বর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ এলাকায় যাবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোর্চার নেতা টিপু বিশ্বাস, সাইফুল হক প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/২৩৫০ ঘ.
bdnews24