নয়াদিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন আগামী বছর ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত ভারতে অবস্থান করতে পারবেন বলে সেদেশের সরকার আশ্বস্ত করেছে। এ সময় তিনি যেখানেই থাকুন না কেন তাকে নিরাপত্তা দেওয়া হবে।
স্বেচ্ছা-নির্বাসিত তসলিমা নাসরিনকে শুক্রবার সকালে জয়পুর থেকে রাজধানী নয়াদিল্লিতে সরিয়ে নেয় ভারত সরকার।
বিস্তারিত জানাচ্ছেন ভারতের বেসরকারি টেলিভিশন সিএনএন-আইবিএন এর চিফ ন্যাশনাল করস্পন্ডেন্ট সুমন কে চক্রবর্তী।
(আরো তথ্যসহ)
নয়াদিল্লিতে তসলিমার অবস্থানকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কোন সমস্যা দেখা দেবে কিনা তাই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বৈঠকে বসেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তসলিমা নয়াদিল্লির একটি গোপন স্থানে রয়েছেন।
ভারত থেকে তসলিমাকে বহিষ্কারের দাবিতে কলকাতায় সহিংস বিক্ষোভ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে রাজস্থান অঙ্গরাজ্যের রাজধানী জয়পুরে নিয়ে যাওয়া হয়।
তসলিমা চাইলে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য পার্লামেন্টে জোরালো দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন জোটের সমর্থক বাম জোটের শরিক কমিউনিস্ট পার্টি অব ইনডিয়া (সিপিআই)।
প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) তসলিমাকে ভারতে স্থায়ীভাবে বাস করতে ভিসা দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া তিব্বতের ভিন্নমতাবলম্বী বৌদ্ধধর্মীয় নেতা দালাইলামার মত তাকে আশ্রয় দেওয়ারও দাবি জানায় বিজেপি।
রাজস্থানের কর্মকর্তারা জানান, রাজ্য সরকারের অনুমতি না থাকায় তসলিমাকে জয়পুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজস্থানের সরকারী কর্মকর্তারা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তসলিমা ব্যক্তিগত সফরে জয়পুরে এসেছিলেন। এ ব্যাপারে তারা আগে থেকে কিছু জানতেন না।
রাজস্থানের নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর জেনারেল মেঘচাঁদ মীনা বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশের অনুরোধে রাজস্থান কর্তৃপক্ষ তসলিমাকে 'ওয়াই গ্রেড' নিরাপত্তা দিয়েছে।"
জয়পুরে তসলিমা 'হোটেল শিখায়' অবস্থান করেছিলেন বলে জানিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। তার অবস্থানের সময় পুলিশ হোটেলের প্রবেশদ্বারে পাহারা বসায় এবং চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে। ওই এলাকার সড়কেও যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।
তসলিমার ভারত ত্যাগের দাবিতে কলকাতায় ব্যাপক বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার বেকায়দায় পড়ে যায়।
বিক্ষোভ সামাল দিতে পশ্চিমবঙ্গ সরকার কোনো ঝুঁকি না নিয়ে গোপনে তসলিমাকে রাজস্থানে পাঠিয়ে দেয়। বিষয়টি এতটাই গোপন ছিল যে, তসলিমার বিমান জয়পুরে নামার পরই কেবল তার পৌঁছানোর খবর রাজস্থানের পুলিশকে জানানো হয়।
এ বছরের মার্চে উত্তর প্রদেশের একটি উগ্রপন্থী মুসলিম দল তসলিমাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে। আগস্টে হায়দ্রাবাদে তার ওপর আক্রমণ হয়।
'ইসলাম বিদ্বেষী' লেখালেখির অভিযোগের জের ধরে বিতর্কিত তসলিমাকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকেসি/টিএইচ/এমএসবি/জিএনএ/এসকে/
bdnews24