২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় বালু তোলা বন্ধের দাবি সুজানগরবাসীর

পদ্মা নদীর তলদেশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু তোলায় সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন এখন হুমকির মুখে। ইতোমধ্যে ওই এলাকার কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ৫০ হাজার মানুষ রয়েছে নিরাপত্তাহীনতায়। তারা নদী থেকে বালু তোলা বন্ধ দেখতে চায়। বিষয়টির সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসন ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর তলদেশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু তোলায় সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন এখন হুমকির মুখে। ইতোমধ্যে ওই এলাকার কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ৫০ হাজার মানুষ রয়েছে নিরাপত্তাহীনতায়। তারা নদী থেকে বালু তোলা বন্ধ দেখতে চায়। বিষয়টির সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসন ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় গিয়ে দেখা যায়, বালু তোলার ফলে নাজিরগঞ্জ ফেরিঘাট, নাজিরগঞ্জ কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মসজিদ, একটি পুলিশ ক্যাম্প, একটি গুদামসহ বিস্তীর্ণ এলাকায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা মির্জা আব্দুল হালিম হুমায়ুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, বরখাপুর, বুলচন্দ্রপুর, রায়পুরা, মালিফা, রাজবাড়ী জেলার হাসামপুর, মির্জাপুর ও ধুমচি এলাকায় ৮০ থেকে ১০০টি শ্যালো চালিত ড্রেজার মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে। এছাড়া নদীর ৬০ থেকে ৮০ ফুট গভীরে পাইপ লাগিয়ে নদীর তলদেশ থেকে তুলছে সিলিকা বালি। নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপরিকল্পিতভাবে বালি তোলার ফলে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, বরখাপুর বুলচন্দ্রপুর, রায়পুরা, মালিফা, রাজবাড়ী জেলার হাসামপুর, মির্জাপুর, ধুমচি ও মিজানপুর গ্রামের বিস্তীর্ণ এলাকাসহ হাজার হাজার বিঘা ফসলি জমি ইতোমধ্যে বিলীন হয়ে হয়ে গেছে।' ইউপি চেয়ারম্যান জানান, এলাকার মানুষ এখন বালি উত্তোলন প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। যে কোনো মূল্যে এই বালি উত্তোলন বন্ধ করা হবে। এনিয়ে ঠিকাদার ও এলাকাবাসী এখন মূখোমুখি অবস্থান নেয়ায় বিষয়টি সুরাহার জন্য সোমবার পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকের হোসাইন, র‌্যাব পাবনা ক্যাম্পের উপঅধিনায়ক ক্যাপ্টেন রাশেদসহ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ঠিকাদার ও এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন রাশেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বালি উত্তোলন বন্ধ করা উচিত।" অতিরিক্ত জেলা প্রশাসক জাকের হোসাইন বলেন, "এলাকার মানুষের সেন্টিমেন্ট, প্রকৃতি ও পরিবেশ যাতে রক্ষা হয় সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শিগগির একটি যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২৪৮ ঘ.