ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিডরের আঘাতে বিধ্বস্ত উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ করবে ঢাকা সিটি করপোরেশন।
বৃহস্পতিবার নগর ভবনে সিটি করপোরেশনের কমিশনার ও কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিটি মেয়র সাদেক হোসেন খোকা বলেন, দুর্গত এলাকায় সিটি করপোরেশনের কমিশনার ও কর্মকর্তাদের তিনটি দল ত্রাণ বিতরণ করবে। ত্রাণের পাশাপাশি সিটি করপোরেশনের চিকিৎসকরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেবেন। আগ্রহী হলে সমাজকর্মীরাও এ দলে থাকতে পারবেন।
মেয়র খোকা কমিশনার ও সমাজকর্মীদের রোববারের মধ্যে ত্রাণ সামগ্রী সিটি করপোরেশনের কাছে জমা দেওয়ার আহ্বান জানান। সোমবার সিটি করপোরেশনের দল উপকূলের উদ্দেশে রওনা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯০৮ঘ.
bdnews24