২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়বে তিতাস গ্যাস

তিতাস গ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২৫ ভাগ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তিতাস গ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২৫ ভাগ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "তিতাসের শেয়ার বিক্রির যাবতীয় প্রক্রিয়া দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করা যাবে বলে আশা করছি আমরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এ কাজগুলো শেষ করবে।" তিতাসের শেয়ার বাজারে ছাড়ার কারণ জানতে চাইলে মির্জ্জা আজিজ বলেন, "এটা প্রতিষ্ঠানটির ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।" অর্থ উপদেষ্টা জানান, ২০০৫ সালের ৩১ আগস্ট আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে তিতাস গ্যাস ট্র্যান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বৃহস্পতিবারের বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তিতাসের ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার প্রস্তাব দিলে তা অনুমোদন করা হয়। তবে প্রতিটি শেয়ারের দাম কত হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। এছাড়া উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গভীর সমুদ্র বন্দরের স্থান নির্ধারণ সংক্রান্ত সমীক্ষার কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। আর্ন্তজাতিক পরামর্শক প্রতিষ্ঠান জাপানের পিসিআই কোম্পানি বিষয়টি তত্ত্বাবধান করছে। উপদেষ্টা বলেন "বিপুল অঙ্কের অর্থ ব্যয় ও দীর্ঘ সময়ের বিষয়টি চিন্তা করে গভীর সমুদ্র বন্দরের স্থান নির্ধারণ সংক্রান্ত সমীক্ষার কাজ চালিয়ে যাওয়া হবে কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় জানানো হয়েছে, চুক্তি বাতিল করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যে ক্ষতিপূরণ দিতে হবে তা এ কাজের জন্য বরাদ্দ মোট অর্থের চেয়েও বেশি। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। আর চুক্তি বাতিল করা হলে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে প্রায় ১৩ কোটি টাকা। অথচ সমীক্ষা পরিচালনার জন্য মোট বরাদ্দের পরিমাণ ১৩ কোটি টাকা। এ জন্য সব দিক বিবেচনা করে সমীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/ইএইচবি/এএইচডি/জেকে/জিএনএ/১৬০০ ঘ.