২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধু হত্যার দায়ে স্বামীসহ চারজনের যাবজ্জীবন

চট্টগ্রামে নূরজাহান বেগম নামের এক গৃহবধু হত্যার দায়ে স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রামে নূরজাহান বেগম নামের এক গৃহবধু হত্যার দায়ে স্বামীসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতার হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত নূরজাহানের স্বামী আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেয়। অন্য তিন আসামি আবদুল মালেক, আহসান উল্লাহ ও শাহজাহান শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। সাজা পাওয়া চার আসামিই পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাঞ্চন মিয়া, তারা মিয়া, মোহাম্মদ সিরাজ ও আবদুল ওয়াদুদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৮ সালের ২৭ আগস্ট নুরজাহান বেগমের স্বামী আবদুর রাজ্জাক কয়েকজন লোককে ফাঁসানোর জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে তার স্ত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা করেন। এ কারণে তিনি নিজেই স্ত্রীকে বিভিন্ন স্থানে আটকে রাখেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে ওই বছরের ১ অক্টোবর রাতে রাজ্জাক ও তার সহযোগীরা নূরজাহানকে ভাটিয়ারি জেলে পাড়ায় নিয়ে গলায় শাড়ি পেঁচিয়ে হত্যা করেন। ২ অক্টোবর পাহাড়তলী থানা পুলিশ নূরজাহানের লাশ উদ্ধার এবং একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীকালে মামলাটি ডবলমুরিং থানায় স্থানান্তর করা হয়। ১৯৮৯ সালের ২৭ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দাখিল এবং ১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসকে/২২৪৫ঘ.