পঞ্চগড়, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে বাংলাদেশ-নেপাল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক পরিদর্শক রফিকুল আলম।
আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশ ও নেপালের ব্যবসায়ীরা যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সমস্যা নিরসনে লক্ষ্যে বুধবার নেপালের সিঅ্যান্ডএফ এজেন্ট ও বিএসএফ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি বলে বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন।
তারা জানান, গত ১৯ নভেম্বর সোমবার দুপুরে নেপাল থেকে বাংলাদেশে আমদানি করা গম ও মসুরডাল বোঝাই ৬ থেকে ৮টি ট্রাক ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন ট্রানজিট রুট দিয়ে একসঙ্গে বন্দরে ঢুকতে চাইলে বিএসএফ বাধা দেয়। এ নিয়ে নেপাল ওয়্যার হাউসের ব্যবস্থাপক শিবা কুঠির সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেপালের সিঅ্যান্ডএফ এজেন্টরাও তাতে জড়িয়ে পড়ে। ওই ঘটনার পরপরই বিএসএফ মালামাল আনা-নেয়ার ভারতীয় অংশের ট্রানজিট রুট বন্ধ করে দেয়।
ভারত-নেপাল দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বন্দর দিয়ে বাংলাদেশ-নেপাল মালামাল আনা-নেওয়ার জন্য ভারতের ৬১ কিলোমিটার সড়কপথ ব্যবহার করা হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট শফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পণ্য আনা-নেয়া বন্ধ থাকায় বন্দরের উভয় পাশে বাংলাদেশী ও নেপালী পণ্য বোঝাই শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। এ জন্য ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক পরিদর্শক রফিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের অংশে কোনো সমস্যা নেই। এটি ভারত ও নেপালের অভ্যন্তরীণ বিষয়। তবে এজন্য আমাদেরও সমস্যায় পড়তে হয়েছে। বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।"
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শেখ ফরিদ বলেন, "বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই অচলাবস্থা নিরসন হতে পারে বলে আশা করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯১১ ঘ.
bdnews24