২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদুল্লাহ ও মিল্লাতের কর ফাঁকির মামলার রায় ২৬ ও ২৮ নভেম্বর

সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় ২৮ নভেম্বর ঘোষণা করা হবে। এছাড়া পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানের বিরুদ্ধে একই অভিযোগে দায়ের মামলার রায় দেওয়া হবে ২৬ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় ২৮ নভেম্বর ঘোষণা করা হবে। এছাড়া পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানের বিরুদ্ধে একই অভিযোগে দায়ের মামলার রায় দেওয়া হবে ২৬ নভেম্বর। বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন মামলা দুটির রায়ের জন্য দিন ধার্য করেন। শহিদুল্লাহ ও মিল্লাত বর্তমানে পলাতক রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মৃদুল কান্তি দাস গত ৭ অক্টোবর জামালপুর-১ আসনের সাবেক সাংসদ মিল্লাতের বিরুদ্ধে কর ফাঁকির মামলাটি দায়ের করেন। ওই দিনই ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়, রশিদুজ্জামান মিল্লাত ১৯৮৮-৮৯ থেকে ২০০৫-০৬ করবর্ষে সম্পত্তির তথ্য গোপন করে ৪ কোটি ৫১ লাখ ১১ হাজার ৮০ টাকার কর ফাঁকি দিয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৮ জন সাক্ষ্য দেন। আয়কর বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকির অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর শহিদুল্লাহ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এনবিআরের সহকারি কর কমিশনার নাহিদ নওশাদ মুকুল। এতে অভিযোগে করা হয়, আসামি ২০০০-০১ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত ৭৬ লাখ ৫৩ হাজার ২০ টাকার সম্পত্তির তথ্য গোপন করে ও মিথ্যা তথ্য দিয়ে এর ওপর প্রযোজ্য ১৬ লাখ ৫৪ হাজার ৮৩২ টাকা কর ফাঁকি দিয়েছেন। বিশেষ জজ আদালত গত ৮ অক্টোবর এ মামলায় শহিদুল্লাহ খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর আগে কর ফাঁকির দায়ে শহিদুল্লাহর স্ত্রী মাসুদা শহিদকে ৬ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/এমএ/১৯০৩ ঘ.