ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হকের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম বুধবার মাশফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ২৫ নভেম্বর থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেছেন তিনি।
মাশফিকুল হক বর্তমানে পলাতক রয়েছেন।
একই আদালতে মাশফিকুলের বাবা জিয়াউল হক ও মা নাসিমা হকের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দুটি মামলার বিচার চলছে। তারাও পলাতক রয়েছেন।
গত ২৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মো. মমতাজ উদ্দিন মাশফিকুলের বিরুদ্ধে কর ফাঁকির মামলাটি দায়ের করেন। ওই দিনই ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মাশফিকুল ২০০২-০৩ করবর্ষ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত মোট তিন কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৯৭৪ টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৯০ লাখ ৪৩ হাজার ২৩৩ টাকার কর ফাঁকি দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/এমএ/১৯০৫ ঘ.
bdnews24