২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেপ্তার

কক্সবাজার শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

কক্সবাজার, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার রাতে হোটেল বিলকিস ও হোটেল সী-কুইনে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক দীপক দেবনাথ। গ্রেপ্তারকৃতরা হলো, মাহবুবুর রহমান (৩২) ও হেলাল উদ্দিন (৪০)। দুজনের বাড়িই টেকনাফ উপজেলার ঝিমংখালী এলাকায়। দীপক দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা রাত সাড়ে ১১টায় শহরের প্রধান সড়কের হোটেল বিলকিসে অভিযান চালায়। ওই হোটেলের একটি কক্ষ থেকে মাহবুবুরকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে সী কুইনে অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে অধিদপ্তরের কর্মকর্তারা। ওই দুজনের কাছে ২০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দীপক দেবনাথ জানান। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতরা ইয়াবা ট্যাবলেটের পাইকারী বিক্রেতা বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার মডেল থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.