২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমার বহিষ্কার দাবি, কলকাতায় সেনাবাহিনী

ভারত থেকে তসলিমা নাসরিনের বহিষ্কার দাবিতে আন্দোলনরত ইসলামী সংগঠনের কর্মীদের দমন করতে কলকাতায় সেনাবাহিনী নামানো হয়েছে। ভারতীয় বেসরকারি টিভি সিএনএন-আইবিএন এর চিফ ন্যাশনাল করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য জানিয়েছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

কলকাতা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারত থেকে তসলিমা নাসরিনের বহিষ্কার দাবিতে আন্দোলনরত ইসলামী সংগঠনের কর্মীদের দমন করতে কলকাতায় সেনাবাহিনী নামানো হয়েছে। ভারতীয় বেসরকারি টিভি সিএনএন-আইবিএন এর চিফ ন্যাশনাল করসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য জানিয়েছেন বিস্তারিত। রাসায়নিক শিল্প কারখানা তৈরির জন্য নন্দীগ্রামে কৃষকদের জমি অধিগ্রহণ ও তাদের ওপর প্রশাসনের 'নির্যাতন' এর প্রতিবাদে এবং তসলিমাকে বহিষ্কারের দাবিতে মধ্য ও দক্ষিণ কলকাতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন। অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের (এআইএমএফ) ব্যানারে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোড়ে ও ভাংচুর চালায়। এসময় ১৫০টির বেশি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সংঘর্ষ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সেনা সদস্যদের তলব করে এবং শহরের কয়েকটি এলাকায় সান্ধ্য আইন জারি ও ওইসব এলাকার বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিপণীকেন্দ্র বন্ধ ঘোষণা করে। কলকাতার পার্ক সার্কাস এলাকা পুলিশ ঘিরে রাখে। শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এআইএমএফ প্রেসিডেন্ট শেহেনশাহ জেহাঙ্গির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংর্ঘষের মূল কারণ নন্দীগ্রামে কৃষকদের প্রতিবাদ ও তসলিমা নাসরিন। কোনো উষ্কানি ছাড়াই পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। মুসলিম ও অমুসলিম সবাই এখন রাস্তায়।" এজেসি বোস সড়কে রাস্তার প্রতিবন্ধকতা সরানোর সময় সংঘর্ষে দক্ষিণ কলকাতার উপ পুলিশ কমিশনার যাভেদ শামীমসহ অনেক পুলিশ সদস্য আহত হয়। পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সবাইকে শান্তিপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,"শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার মতো আচরণের জন্য সবার প্রতি অনুরোধ করছি। কোনো সমস্যা থাকলে প্রশাসনকে জানান।" চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন বলেন, "আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। নন্দীগ্রামের ঘটনায় শিল্পীরা নিরব প্রতিবাদ জানিয়েছে। আমরা মনে করি সহিংসতা কারো জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। এই বিক্ষোভে অনেকগুলো বিষয় এক হয়ে গেছে। নন্দীগ্রামে যা হয়েছে তার বিরুদ্ধে আমরা নিরব প্রতিবাদ জনিয়েছি।" সংঘর্ষের ঘটনায় অনেক সংবাদকর্মীও আহত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকেসি/টিএইচ/জিএনএ/১৭২০ ঘ.