রাজশাহী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আকাশ জামিনে ছাড়া পেয়েছেন।
গত ২৩ অক্টোবর পুঠিয়া থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ২৪ অক্টোবর রাতে নগরীর উপশহরের বাসা থেকে আকাশকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। তাকে জরুরি বিধিমালায় আটক দেখিয়ে সে দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁদাবাজির ওই মামলায় সোমবার জেলা ও দায়রা জজ এ আর মাছউদের আদালতে আকাশের আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। রাতে কারাগার থেকে ছাড়া পান আকাশ।
আদালত গত ৮ নভেম্বর সাংবাদিক আকাশকে জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারা থেকে অব্যাহতি দেয়।
আকাশের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পুঠিয়া থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন ওই উপজেলার কান্দ্রা গ্রামের আব্দুল জলিল নামে এক ব্যক্তি। এছাড়া ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে গত ২ অক্টোবর বোয়ালিয়া মডেল থানায় আকাশের বিরুদ্ধে অপর মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাফফুজুল হক লোটন। এ মামলায় আকাশ উচ্চ আদালত থেকে গত ১৬ অক্টোবর জামিন পান।
জাহাঙ্গীর আলম আকাশ দৈনিক সংবাদের বার্তা পরিবেশক। সদ্য বন্ধ হওয়া সিএসবি নিউজ এর রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। এর পাশাপাশি তিনি মানবাধিকার সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এর আঞ্চলিক সমন্বয়কারী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24