২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশার চরে আশাভঙ্গের রোদন

আশার চর। বরগুনার আমতলী উপজেলায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় এই চরটি আশা জাগিয়ে জড়ো করেছিলো অনেক জেলেকে। সাগরে মাছ ধরে শুটকি দিতে এখানে পাড়ি জমিয়েছিলেন তারা। এবার মাছও ধরা পড়েছিলো অনেক। ঝড়ের পর এখন আশাভঙ্গের বেদনা বুকে নিয়ে জেগে আছে চরটি। জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 08:35 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

তালতলী (বরগুনা), নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমতলী শহর ছেড়ে কড়াইবাড়িয়া ইউনিয়নে ঢোকার পরই ভারী হয়ে আসতে থাকে বাতাস। আশপাশের বিস্তীর্ণ ধানক্ষেতের পানিতে ছড়িয়ে ছিটিয়ে আছে গবাদি পশুর মৃতদেহ। ধানক্ষেতের এখানে ওখানে প্রায় প্রতিদিনই খুঁজে পাওয়া যাচ্ছে মানুষের লাশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে'র কথা হয় মোহরজান (৫০) এর সঙ্গে। পাশের গ্রামে 'রিলিফ' দেয়ার কথা শুনে নাতিকে নিয়ে ছুটছেন তিনি। ঝড়ের রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, "বাড়ি-ঘর কিছুই নাই বাবা। মোরা ১০ জন ট্যাঙ্গা (তেঁতুল গাছ) গাছে উইঠ্যা ছিলাম। কেমনে যে ওইহানে উঠছি কইতেও পারি না । ঘরে ভাত খাওনের একখান থালও নাই। সব ভাসাইয়া নিয়ে গেছে বইন্যা (ঝড়)।" বড়বগিয়া ইউনিয়নের নয়া ভাইজরা গ্রামের আব্দূল জলিল (৩০) জানালেন, ঝড়ের রাতে নিজেরা প্রাণে বাঁচলেও তার মা মনোয়ারা বেগম বাঁচতে পারেননি। তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রায় দুই মাইল দূরের এক ধানক্ষেতে। গ্রামবাসীরা জানায়, ওইসব এলাকার নদী তীরে বাড়ি-ঘরের ধ্বসংস্তূপও তারা পাননি। সব কিছু ভেসে গেছে জলোচ্ছ্বাসে। বাঁধের পাশের নিচু এলাকার উঁচু উঁচু কিছু ঢিবি জানান দেয়, সেখানে এক সময় বসতি ছিল। নয়া ভাইজরা গ্রামের পল্লী চিকিৎসক রুহুল আমিন ঝড়ের রাতে চার দিনের ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তেঁতুল গাছে। এমনি অসংখ্য পরিবারকে সেদিন রক্ষা করেছে বৃক্ষরাজি। তবে অনেক গাছও রক্ষা পায়নি ঝড়ের কবল থেকে। রাস্তার ওপর পড়ে থাকা গাছের সারি মোটর সাইকেলে যাত্রাটাও একসময় অসম্ভব করে তুলছিল। নিউপাড়া গ্রামে পানির তোড়ে সড়কে বিছানো ইট ভেসে গেছে প্রায় বিশ ফুট দূরের জমিতে। কোথাও কোথাও পুকুর ভর্তি হয়ে আছে সড়কের খোয়ায় (ইট)। কোনো কোনো স্থানে কাঁচা সড়ক কেটে দিয়েছে গ্রামবাসী। তারা জানান, জলোচ্ছ্বাসের পর এখনও পানি নামেনি। পানি সরাতে সরকারি কোনো উদ্যোগও নেই। তাই নিজেরাই পানি সরাতে কেটে দিয়েছেন সড়ক। ধীরে ধীরে বিধ্বস্ত ঘর, ভাসমান গবাদি পশুর দৃশ্য চোখে সয়ে আসতে শুরু করে। ক্ষয়ক্ষতির হিসেব নিতে শুরু করতে হয় লাশ গুনে গুনে। বড় বগিয়া ইউনিয়নে পৌঁছানোর পর রাস্তায় দেখা হওয়া মানুষদের কাছে নিহতদের ব্যাপারে জানতে চাইলে আশপাশের সব দিক দেখিয়ে দেন তারা। সেখানকার পরিবারগুলোতে একটি বা দুটি মৃত্যুর ঘটনা এখন খুব স্বাভাবিক। তাই অন্তত ৩/৪ জন নিহত হয়েছে এমন পরিবারের খোঁজ নিতে চাইলে মোটর সাইকেল চালক লিটন বলেন, "খোঁজ নিয়ে লাভ নেই। মানুষ এইহানে মরছে চিংড়ি মাছের মতন।" আমতলী শহর ছাড়িয়ে প্রায় ১৫ কিলোমিটার যাওয়ার পথে কোনো ধরনের সরকারি ত্রাণ কার্যক্রমের দেখা মেলেনি। কিছু কিছু স্থানে অবশ্য ব্যক্তি পর্যায়ে সামান্য কিছু ত্রাণ বিতরণের প্রচেষ্টা দেখা গেল। তালতলী শহরের পর লাউপাড়া বাজারে রাস্তার পাশে বিছিয়ে রাখা চাদরে পুরনো জামা-কাপড় দিয়ে যাচ্ছেন এলাকাবাসী। যদিও পরিমাণে খুবই সামান্য। তালতলী বাজারে কথা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) সমন্বয়কারী মারুফ রায়হানের সঙ্গে। তিনি জানান, সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই ত্রাণ বিতরণ এখনো শুরু হয়নি। গতিপাড়া বাজারে কথা হয় দোকানদার মিলন হাওলাদারের সঙ্গে। একই পরিবারের অনেক সদস্য মারা গেছেন এমন কয়েকটি পরিবারের ঠিকানা দিলেন মিলন। তার একটি ঠিকানা কবিরাজ পাড়া। সেখানে মারা গেছে আব্দুল খালেকের পরিবারের ২২ জন। একজন এখনো নিখোঁজ। তেঁতুলবাড়িয়ায় মারা গেছে এক পরিবারের নয় জন। উপকূলের তীরে শুটকি ব্যবসার জন্য বিখ্যাত ফকিরহাট বন্দর এখন পুরোপুরি ধ্বংসংস্তূপ। মাছ ধরার বড় বড় ট্রলারগুলো আছড়ে পড়ে আছে প্রায় ১০ ফুট উঁচু বাঁধের ওপর। নদীর পাড়ে যারা ছিলেন তাদের দোকানে কিছুই অক্ষত নেই। অনেককে দেখা গেল, ধ্বংসস্তূপ ঘেঁটে পচে যাওয়া কিছু পণ্য বের করে রোদে শুকাতে। তবে বেঁচে থাকাটাই যেন এখন তাদের বড় পাওয়া। স্থানীয় মুদি দোকনি মোস্তফা হোসেন বলেন, "আচুক্ক্যা (হঠাৎ) বইন্যার পানি আইয়া সব উগলাইয়া লইয়া গেছে। মালসামানা আর কিছুই নাই। হ্যারপরও আল্লার কাছে শুকরিয়া- জানডা বাঁচাইতে পারছি।" দূরের আশার চর দেখিয়ে মোস্তফা বলেন, ওইখানে কিছুই নাই। আশার চড়ে যাওয়ার নৌকা খুঁজতেই বন্দরের সবাই এগিয়ে আসেন। বলেন, ওইখানে গিয়ে কোনো লাভ নেই। বাড়িঘড় কিছুই নেই। চারদিকে শুধু বিস্তীর্ণ জলাভূমি। যেতে যেতে চোখে পড়ে খালে ভেসে থাকা অসংখ্য গবাদি পশুর মৃতদেহ। এরই মধ্যে পঁচে ভারী করে তুলেছে আশেপাশের বাতাস। নৌকা মাঝি মো. আসলামের নিজেরও ব্যবসা ছিল শুটকির। তিনি বলেন, "ভাই এইবারের মতন মাছ জীবনেও পাই নাই। পুরা ১৩ দিন একটানা মাছ ধরছি। কিন্তু বইন্যা আমারে শেষ কইরা দিছে।" ঝড়ের রাতে মো. আসলামের বাড়ি থেকে চার লাখ টাকার শুটকি ভেসে গেছে। আশার চড়ে পৌঁছে ফকিরহাট বন্দরের লোকজনের কথারই প্রমাণ পেলাম। প্রায় ৫০০ জেলে ঘরের মধ্যে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেলাম ছয়টিকে। বাকি সবের চিহ্নমাত্র নেই। জলোচ্ছ্বাসের সঙ্গে আসা বালির স্তূপ ঢেকে ফেলেছে পুরো আশার চর। একটু ভেতরের দিকে ন্যাড়া মাথায় দাড়িয়ে আছে ক্যাওড়া বন। এখানকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "এইহানে আনুমানিক ৫ হাজার মানুষ আছিলো। হ্যারা কই কোনো খবর জানি না।" দূরের বন দেখিয়ে বললেন, "জঙ্গলের ভিতরে এহনও লাশ পইড়্যা রইছে। আইজ সকালেও এক বাচ্চার লাশ পাইয়া মাটি চাপা দিছি।" উপকূলের একটি অংশ দেখিয়ে তিনি বলেন, "ওইহানে কাইল হন্ধ্যায় (সন্ধ্যায়) পাইছি এক গর্ভবতী নারীর লাশ। হেরেও মাটি চাপা দ্যাওয়া হইছে। অনেকে আবার বাইরে থেকে আইস্যা তাগো আত্মীয়গো লাশ নিয়াও গেছে।" আশার চড়ে জীবন গড়তে এসেছিলো আশপাশের এলাকার অভাবী মানুষেরা। সাতক্ষীরা, বাগেরহাটসহ দূরের এলাকা থেকেও মানুষ এসে ঘর বেঁধেছিলেন এখানে। কিন্তু তাদের সম্ভাবনার সব স্বপ্ন বিলীন হয়ে গেছে আশার চরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/আরএ/এমআই/জিএনএ/১৪২০ ঘ.