২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক গতিশীলতা আনতে সরকারকে সুপারিশ পাঠাবে রেগুলেটরি রিফর্ম কমিশন

অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে রেগুলেটরি রিফর্ম কমিশন সরকারের কাছে একটি সুপারিশমালা পাঠাবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে রেগুলেটরি রিফর্ম কমিশন সরকারের কাছে একটি সুপারিশমালা পাঠাবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আকবর আলী খান। সোমবার বিনিয়োগ বোর্ডের কার্যালয়ে কমিশনের প্রথম বৈঠক শেষে সাবেক অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। আকবর আলী খান বলেন, নিয়ম-নীতির ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কমিয়ে আনাই আমাদের প্রধান দায়িত্ব। কমিশন সরকারের কাছে প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি মাসে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রেগুলেটরি রিফর্ম কমিশনের অপর সদস্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি মীর নাসির হোসেন, ব্যবসায়ী আব্দুর রউফ চৌধুরী, দুই অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান ও অধ্যাপক মুস্তাফিজুর রহমান বৈঠক শেষে ব্রিফিং এ উপস্থিত ছিলেন। এর আগে পুরানো সরকারি নীতিমালা আধুনিকায়নের মাধ্যমে অর্থনীতি, শাসন ব্যবস্থা ও প্রশাসনে গতিশীলতা আনতে ৩০ অক্টোবর সরকার ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করে। আকবর আলী খান জানান, বিশ্বায়নের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ও আঞ্চলিক সহযোগিতা টিকিয়ে রাখতে নিয়ন-নীতির আধুনিকায়ন প্রয়োজন। তবে এ সবের মধ্যে মূলত অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত আইন-কানুনগুলো সহজ ও আধুনিক করায় আমরা বেশি জোর দেব। তিনি বলেন, বেসরকারি খাতের বাধাগুলো দূর করতে বেসরকারি ও বিদেশি ঋণ প্রক্রিয়াকরণ, শিল্প কারখানা স্থাপনে পরিবেশগত ছাড়পত্র প্রদান ও মূলধনী যন্ত্রাংশ আমদানি, বন্ডেড ওয়্যার হাউজ নিবন্ধন ও শুল্ক-ঘাটতি বিষয়ে আমরা তিনটি উপ কমিটি গঠন করেছি। কমিটিগুলো প্রতি মাসে তাদের প্রতিবেদন জমা দেবে। বৈঠকে আরও দুটি বিষয়ে সিদ্ধান্তের কথা জানান কমিশনের চেয়ারম্যান। সিদ্ধান্ত দুটির একটি হলো কোনো আইন আনুষ্ঠানিকভাবে প্রণয়নের আগে সেই আইনের খসড়া প্রকাশের ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়া হবে। অপর সিদ্ধান্তটি হলো সরকারের সব গেজেট বিজ্ঞপ্তি ওয়েব সাইটে দেওয়ার ব্যাপারেও সরকারকে অনুরোধ জানাবে কমিশন। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আইন পরিবর্তন করা রেগুলেটরি রিফর্ম কমিশনের দায়িত্ব নয়। আমরা আইন পরিবর্তনের ব্যাপারে আইন কমিশনের কাছে সুপারিশ পাঠাবো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএ/২১০৫ ঘ.