তালতলী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুৃয়েন্টিফোর ডটকম)- বরগুনা শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে তালতলীর বড়বগিয়ায় গিয়ে মো. খালেকের বাড়িটি কই জিজ্ঞেস করলে সবাই যা দেখিয়ে দিল তা শুধু দুহাত উঁচু মাটির ঢিবি। এই মাটির ঢিবির ওপরই বাড়িটি ছিল। আর ছিল শিশুর কলতানসহ ১৫ জন মানুষের হাঁকডাক, সুখদুুঃখের জীবনধারা।
এখন স্তব্ধ হাঁকডাক। প্রলয়ঙ্করী ঝঁড়ের ছোঁবল থেকে ১৫ জনের মাত্র চারজন বেঁচে আছে। একজনের খোঁজ পাওয়া যায়নি চারদিনেও। শূন্যভিটাতেই কবর দেওয়া হয়েছে সবাইকে।
কবিরাজপাড়ায় বাড়িটির আাশপাশে ভিড় করে আছে কিছু শোকার্ত মানুষ। তাদের সরিয়ে সামনে যেতেই চোখে পড়ে সার বাঁধা তাজা কবর। বাড়ির ঢিবির ওপরেই শেষশয্যা করা হয়ে নয়জনের। নিচের উঠোনে আরও একটি কবর। সবগুলো ঢাকা খেজুর পাতায়।
আশপাশের লোকজন জানান, ১৫ সদস্যের এ পরিবারটির ঠিকানা কবিরাজপাড়া হলেও তারা ৫ কিলোমিটার দূরে সমুদ্রের কোল ঘেঁষে জেগে ওঠা আশার চরে সুটকি প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন। ঝড়ের রাতে এই আশার চরেই পরিবারটির টিকে থাকার সব স্বপ্ন হারিয়ে গেছে। ওই রাতে নিহত হন খালেকসহ (৭০) তার স্ত্রী মোসাম্মৎ নূর জাহান (৬০), মেয়ে রেহানা (৩০), রেহানার স্বামী আব্দুস সাত্তার (৪০), খালেকের পুত্রবধু আনোয়ারা (২৫), নাতি সোহাগ (১২), নাতনি শিউলি (৫), সীমা (৪), ডুলিয়া (৩), ছেলের নাতি খুকু মনি (২) ও আট মাস বয়সের রিয়া মনি।
নিখোঁজ আছেন আব্দুল খালেকের মেয়ে মাকসুদা (২০)।
বেঁচে আছেন খালেকের দুই ছেলে জলিল (৩০) ও খলিল (২৫) মেয়ে ভুলু (১৮) ও জলিলের তিন মাসের মেয়ে ডলি।
উঠোনের এক কোণে নির্বাক বসে আছেন ভুলু। কী হয়েছিল সে রাতে- প্রশ্নের জবাবে শূণ্য চোখে চেয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর বিড়বিড় করে বলেন, "ধাবার (জলোচ্ছ্বাস) আওনের পর মতই বাড়ি উগলাইয়া গেল। মোরা জঙ্গলের দিহে ম্যালা করলাম। পাঁচ মিনিটের ভেতরে কী হইছে কইতে পারি না। চাইর দিহে পানি আর পানি। আমি কেওড়া গাছের এখখান ঠাল ধইরা কোনোমতে ভাইসা থাহি। তিনবার হোতে (স্রোতে) ছুডাইয়া নিছে। আবার ঠাল ধরছি। অন্যরা কোনখানে আছিল কিছু জানি না।"
পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় আশার চরে এভাবেই ১৫ ফুট উঁচু কেওড়া গাছের ডালে ঝুলে ছিলেন ভুলু। ঝুলে থাকার রক্তাক্ত ক্ষত চিহ্ন তার বাহু ও পায়ে।
ওই রাতে স্রোতে ভেসে গিয়েছিলেন মো. খালেকের পুত্রবধূ আনোয়ারা। তিন মাসের মেয়ে ডলিকে নিয়ে কেওড়া গাছের ডাল ধরে ভেসেছিলেন তিনি। স্বামী জলিলও তার সঙ্গে ছিলেন। একসময় স্্েরাতের টানে পরাস্ত হন আনোয়ারা। ভেসে যাওয়ার আগে শিশু ডলিকে তুলে দেন স্বামীর হাতে।
শূন্যভিটায় ১০টি কবরের পাশে তিন মাসের শিশু ডলিকে কোলে নিয়ে নীরবে বসে থাকতে দেখা গেল অসহায় বাবা জলিলকে । কাছে গিয়েও তার কোনো সাড়া পাওয়া গেল না।
এই পরিবারটির মতো পুরো বড়বগিয়া এখন থমকে আছে শোকে। এখানকার চারদিকে এখন শুধু লাশের খবর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/ডিডি/এমএইচবি/২০৩৮ ঘ.
bdnews24