২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাউদ্দিন নাছিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কার্যালয়ে কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কার্যালয়ে কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। বাহাউদ্দিন নাসিমসহ দুদক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরী, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ ও প্রাক্তন বন কর্মকর্তা অসিত রঞ্জন পালের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। কর্নেল হানিফ ইকবাল বলেন, "দীপু চৌধুরীর বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়া এবং অন্যদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হবে।" তিনি বলেন, "কমিশনের নাম ব্যবহার করে কেউ কেউ কোন ব্যক্তির সঙ্গে ফোনে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। তারা তাদের ভয়ভীতি দেখিয়ে কমিশনের তালিকা থেকে নাম কাটানো বা মামলার হয়রানি থেকে রক্ষা করার কথা বলে সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছে। এটা কমিশনকে ভাবিয়ে তুলেছে।" এমন কারো সন্ধান পাওয়া গেলে দুদককে জানানোর অনুরোধ করেন মহাপরিচালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল হানিফ ইকবাল বলেন, "কমিশনে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার অভিযোগ জমা পড়েছে। ইতোমধ্যে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যেসব অভিযোগ যথাযথভাবে করা হয়নি সেগুলো বাদ দেওয়া হয়েছে।" মামলা প্রসঙ্গে তিনি বলেন, "কোন অভিযোগেরই পূর্ণাঙ্গ অনুসন্ধান ও তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে মামলা করা হয়না। এ ব্যাপারে কমিশনকে প্রভাবিত করার কোন সুযোগ নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৮৪০ ঘ.