চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারি এলাকায় রোববার রাতে ডাকাতের গুলিতে এক পরিবারের তিন জন আহত হয়েছে।
আহতরা হলেন, বদন কুমার দাশ(৩০), গীতা দাশ(৫০) ও শোভা দাশ(৩৫)। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মুজিবুর রহমান আহতদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে ১৫/২০ জন সশস্ত্র ডাকাত মালিয়ারা গ্রামে বাবুল দাশের বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তিন জন গুরুতর আহত হয়।
ডাকাত দল ২ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৪২ ঘ.
bdnews24