২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশের সাহায্যের আশ্বাস

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী ছয়টি সংস্থা ও দেশ এ পর্যন্ত প্রায় ২১ মিলিয়ন ডলার ও চার মিলিয়ন পাউন্ড নগদ সাহায্যের আশ্বাস দিয়েছে। এসব দেশ ও সংস্থা ত্রাণ সামগ্রী, খাদ্য, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে সাহায্য করবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 05:12 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী ছয়টি সংস্থা ও দেশ এ পর্যন্ত প্রায় ২১ মিলিয়ন ডলার ও চার মিলিয়ন পাউন্ড নগদ সাহায্যের আশ্বাস দিয়েছে। এসব দেশ ও সংস্থা ত্রাণ সামগ্রী, খাদ্য, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে সাহায্য করবে বলে জানিয়েছে। এছাড়া ইউরোপীয় কমিশন ঘুর্ণিঝড় কবলিত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেড় মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মুহাম্মদ আইয়ুব মিয়া সাংবাদিকদের জানান, জাতিসংঘের কর্মকর্তা ও দাতাসংস্থার ৪২ জন প্রতিনিধি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তারা বিভিন্ন ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া বৈঠকে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। ড. মুহাম্মদ আইয়ুব মিয়া বলেন, "ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি জানার জন্য আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা এ বৈঠকে এসেছিলেন। ক্ষয়ক্ষতির পুরো চিত্র তাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা আমাদের পরিকল্পনা এবং কী ধরনের সহযোগিতা প্রয়োজন সে বিষয়েও জানতে চেয়েছেন।" সংস্থাগুলোর প্রতিনিধিরা ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছেন জানিয়ে সচিব বলেন, তারা জরুরি ভিত্তিতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, সরকার থেকে আবেদন করা হলে ত্রাণের জন্য পরবর্তীতে আরও সহযোগিতা দেওয়া হবে বলে সহযোগী সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন। সচিব আরও বলেন ইতোমধ্যে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা কী ধরনের সহযোগিতা করবে সেটা তিনি জানাননি। দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের নেতৃত্ব দেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আবাসিক প্রতিনিধি ডগলাস ব্রডরিক। ডগলাস ব্রডরিক সরকারের প্রস্তুতির প্রশংসা করে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সরকারের যে প্রস্তুতি ছিল তা খুবই ভাল। সরকার যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তা প্রশংসাযোগ্য। এ কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈঠকে আমরা ক্ষয়ক্ষতির একটা পুরো চিত্র পেয়েছি। আমি আশা করছি আগামী ছয়মাস পর্যন্ত বিভিন্ন ধরনের সাহায্য আসতে থাকবে।" সচিব জানান, আশ্বাস পাওয়া সাহায্যের মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সাত মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছে। যশোরে একটা প্রকল্পের মাধ্যমে ইউএনডিপি ইতোমধ্যে কাজও শুরু করেছে বলে তিনি জানান। কানাডা দু' একদিনের মধ্যে তাদের সাহায্যের কথা জানাবে। জাপান সরকার তিন পর্যায়ে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। সিঙ্গাপুরে থাকা বেশ কিছু ত্রাণ সামগ্রীর মজুদ থেকে বাংলাদেশে তাঁবু, কম্বল, কাপড়, শুকনা খাবার পাঠানো হবে। এ সপ্তাহের মধ্যে এগুলো এসে পৌঁছবে বলে জাপানী প্রতিনিধি জানিয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে থাকা জাপান সরকারের একটি অব্যবহৃত তহবিলও প্রয়োজনে ব্যবহার করতে বলেছে সেদেশের সরকার। এছাড়া জাপান পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করবে। অস্ট্রেলিয়া সোমবার জানাবে তারা কী ধরনের সহযোগিতা দেবে। সচিব জানান, ডব্লিউএফপি ইতোমধ্যে ৭৮ টন বিস্কুট দিয়েছে। একশ' টন বিস্কুট আসছে সোমবার। আরও ২শ' টন পাইপলাইনে আছে। এছাড়া তারা ১০ হাজার টন চাল দেবে। এই চাল বিতরণের মাধ্যমে গৃহনির্মাণে সহযোগিতা দেবে তারা। এছাড়া উপদ্রুত এলাকাগুলোতে চলমান ভিজিএফ চলছে দুই থেকে তিনগুণ বাড়ানো হবে। ঘুর্ণিঝড়ের পুরো ক্ষয়ক্ষতি নিরূপণে ডব্লিউএফপি, ইউনিসেফসহ জাতিসংঘ সংস্থাগুলোর পাঁচটি দল কাজ করছে। সচিব জানান, স্পেন তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার ইউরো দেওয়ার কথা বলেছে। ইউনিসেফ পাঁচ দশমিক তিন মিলিয়ন ডলার দেবে। সিডা (কানাডা) দেড় মিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ এক মিলিয়ন পাউন্ড সাহায্য ও পুনর্বাসনের জন্য তিন মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্য সরকার ব্রিটিশ সাহায্য সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক বিভাগের (ডিএফআইডি) মাধ্যমে পাঁচ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছে। মার্কিন সরকার ইউএসএআইডির মাধ্যমে দুই দশমিক এক মিলিয়ন ডলার সাহায্য দেবে। এর বাইরে তারা অন্যান্য সাহায্যও দেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জিএমএ/এমএসবি/এসকে/২২০২ঘ.