পিরোজপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছে আবদুল লতিফ হাওলাদারের মা আর ভাতিজিকে। কিন্তু সিডর তাণ্ডবের দুই দিন পর পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের থাকা-খাওয়ার চিন্তায় স্বজন হারানোর কথা প্রায় ভুলতে বসেছেন তিনি।
পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের যে জায়গায় লতিফ হাওলাদারের বাড়ি, তার পাশ দিয়েই বয়ে গেছে কচা নদী। শখানেক গজ দূরে চরখালি ফেরি ঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের আনাগোনা দেখেছেন লতিফ। সেই ফেরিঘাটের পন্টুন এখন তার বাড়ির উঠানে।
বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে লতিফের ঘরের ওপর। তার নিচে চাপা পড়ে মারা যান লতিফের মা। আর দুধের শিশু ভাতিজিকে ভাসিয়ে নিয়ে যায় জলোচ্ছ্ব্াস। দুধের সন্তানকে বাঁচানোর চেষ্টা করেও জলের কাছে হেরে যান লতিফের ভাবি জোনাকী। এরপর নদী উপচে ধেয়ে আসা জল পরিবারের বাকি সদস্যদের তাড়িয়ে নিয়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরদিন সেই শিশুটির লাশ পাওয়া যায় বাড়ি থেকে কয়েকশ গজ দূরে বাঁশঝাড়ে।
কয়েক ঘণ্টার তাণ্ডবের পর শুক্রবারই বদলাতে শুরু করে আকাশে চেহারা। পরিষ্কার রোদে কোনো হিংস্রতা নেই, বাতাসে মিষ্টি শীতের আভাস। কিন্তু পাড়ের হাটের প্রতিনি গ্রমিই যেন পরিণত হয়েছে শ্মশানে।
প্রবল বাতাসের আক্রোশ থেকে পুরো এলাকার কোনো গাছই রেহাই পায়নি। বাতাস যেসব ঘরের খুঁটি উপড়ে ফেলতে পারেনি, সেগুলোর ওপরও আছড়ে পড়েছে গাছ, ভাঙা ডাল। আর গেরস্থালীর জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে জলোচ্ছ্বাস। সেই সঙ্গে ভেসে গেছে এলাকার সবচে বড় সম্পদ চিংড়ি ঘের।
আগে অভাবে পড়লে টাকার জন্য গোয়ালের গরুর দিকে তাকাতেন লতিফ। সেই বোবা জন্তুটিও ভেসে গেছে নদীত। ভাঙা গাছগুলো বিক্রি করতে পাররে আপাতত কিছু টাকার ব্যবস্থা হয়তো হয়, কিন্তু কিনবে কে?
বাগেরহাট থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই ধারে কত হাজার গাছ যে পড়ে আছে তার কোনো হিসাব নেই। লতিফের বাড়ির একশ গজের মধ্যে ফেরিঘাটের মুখে ৪০-৪৫টি দোকান ছিল। বিপদে আপদে এসব দোকান থেকেই বাকিতে জিনিসপত্র কিনতেন তিনি। কিন্তু ঝড়ের পর সেগুলোর কোনো চিহ্নও অবশিষ্ট নেই।
কচা নদীর দিকে তাকিয়ে থেকে সর্বস্বান্ত লতিফ শুধু বললেন, "চোখের পলকে কি থেকে কি হয়ে গেল। কয়েক ঘণ্টার মধ্যে যেমন নদী তেমন হয়ে গেল। কিন্তু যাবার সময় আমার সব কিছু নিয়ে গেল। পরিবারের ছয়টা মানুষ না খেয়ে আছে। তাদের নিয়ে কী করবে বুঝে পাচ্ছি না।"
চরখালি ঘাট থেকে দুই-তিন কিলোমিটার দূরে পাড়েরহাট বাজার। সেখানকার প্রায় সব দোকানই ধ্বসে গেছে। বাজারের সোনালী ব্যাংকের সামনে দেখা গেল তোড়া তোড়া টাকা শুকাতে দেওয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক মজিবুর রহমান জানালেন, জলোচ্ছ্বাসের পানিতে ব্যাংকের সব নগদ টাকা ভিজে গেছে। সেই টাকাই শুকাচ্ছেন তিনি। একটু দূরে স্কুলের মাঠে শুকানো হচ্ছে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র।
শুক্রবার সকালে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসন ও সেনাসদস্যরা পিরোজপুর-বরিশাল সড়কে পড়ে থাকা গাছগুলো সরিয়ে সড়কটি আংশিকভাবে যান চলাচলের উপযোগী করে তোলে। এরপর ওই সড়ক ধরে এসেছেন ত্রাণ কর্মীরা। কিন্তু হাজার হাজার দুর্গত মানুষের তুলনায় সাহায্য পৌঁছেছে খুবই কম। লতিফের মতো পাড়েরহাটের প্রায় সবাই এখন তাকিয়ে আছে ওই সড়কের দিকে; আরো সাহায্যের আশায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/২২৩৯ ঘ.
bdnews24