ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফার্মগেট এলাকায় শনিবার আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল বিভাগের কর্মকর্তারা।
দমকল সদর দপ্তরের কর্মকর্তা মো. ফখরুদ্দীন বিডিনিউজ টুয়েন্টিফোর জানান, বিকেলে ফার্মগেট ওভারব্রিজের নিচে হলিক্রস কলেজের গেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল পৌনে চারটার দিকে একটি স্টেশনারি কাম রেস্তোঁরার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশে ছড়িয়ে আরও ছয়টি দোকান পুড়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলো হল- সানফ্লাওয়ার রেস্তোঁরা, মেঘনা প্রিন্টিং, মদীনা কেমিক্যাল অ্যান্ড স্টেশনারি, মমতাজ কমার্শিয়াল, মনি ফাস্টফুড, পূর্বানী হোটেল ও আসিফ ফুড অ্যান্ড স্টেশনারি।
মো. ফখরুদ্দীন জানান, বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এসকে/২৩১৩ঘ.
bdnews24