ঢাকা, নভেম্বর ১৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনে কাজ শুরু করেছে নৌবাহিনী। নৌ বাহিনীর জরিপ জাহাজ 'বিএনএস অগ্রদূতকে' মংলা বন্দর এলাকার জাহাজ চলাচল রুটে সঠিকতা যাচাই ও চ্যানেল ক্লিয়ারেন্সের কাজে নিয়োজিত করা হয়েছে।
শনিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল কাজী মো. কবিরুল ইসলাম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনএস তুরাগ ও মধুমতি হিরণ পয়েন্ট, দুবলার চর, আলোর কোল ও বোর পয়েন্ট সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে নিয়োজিত আছে। এছাড়া কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা, বরগুনা ও এর আশেপাশের এলাকায় নৌ বাহিনীর তিনটি ল্যান্ডিং ক্রাফট উদ্ধার কাজ শুরু করেছে।
এ ছাড়া ইতোমধ্যেই বরিশাল এলাকায় ল্যান্ডিং ক্রাফট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চট্টগ্রাম এলাকার উপকূলীয় অঞ্চলে বিএনএস আবু বকর, ওমর ফারুক, খালিদ বিন ওয়ালিদ ও গোমতি এবং সেন্ট মার্টিন এলাকায় বিএনএস সাঙ্গু উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৫৫২ঘ.
bdnews24